২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভোট গণনা শুরু

সাধারণ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে পাকিস্তানে। চরম অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে সোমবারের এ নির্বাচনে অংশ পাকিস্তানিরা। যদিও ধীরগতিতে চলা এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল পাঁচটা পর্যন্ত। একইসঙ্গে অনুষ্ঠিত জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদের এ নির্বাচনের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও সহিংসতার আশঙ্কায় ভোটকেন্দ্রে আসেননি অনেকেই। (আরও তথ্যসহ- ৪)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 04:51 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সাধারণ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে পাকিস্তানে। চরম অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে সোমবারের এ নির্বাচনে অংশ পাকিস্তানিরা। যদিও ধীরগতিতে চলা এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল পাঁচটা পর্যন্ত। একইসঙ্গে অনুষ্ঠিত জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদের এ নির্বাচনের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও সহিংসতার আশঙ্কায় ভোটকেন্দ্রে আসেননি অনেকেই। ভোট উপলক্ষ্যে সোমবার পাকিস্তানে ছুটি ঘোষণা করা হয়। অর্থবাজার এবং স্কুল বন্ধ ছিল। দেশজুড়ে রাস্তা-ঘাটও ছিল ফাঁকা। এ নির্বাচনকে পাকিস্তানের জন্য সামরিক শাসন থেকে পূর্ণ বেসামরিক শাসনে উত্তরণের গুরুত্বপূর্ণ ধাপ মনে করা হচ্ছে। তবে পাকিস্তানে চলমান সহিংসতা এবং নির্বাচনে জালিয়াতির আশঙ্কার কারণে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শেষ মুহূর্তেও সংশয় কাটেনি। গত ২৭ ডিসেম্বর আত্মঘাতী হামলায় সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পর নির্বাচনের তারিখ পিছিয়ে ১৮ ফেব্র"য়ারি নির্ধারণ করা হয়। এর আগে ৮ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। পাকিস্তানের প্রধান দুটি রাজনৈতিক দল অভিযোগ করেছে, প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের মিত্ররা নির্বাচনে ব্যাপক জালিয়াতির পরিকল্পনা করেছে। একইসঙ্গে তারা বলেছে, নির্বাচনে কোনো অনিয়ম হলে রাজপথে বিক্ষোভ করা হবে। জনমত জরিপে এগিয়ে থাকা পিপিপি'র কো-চেয়ারম্যান ও বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি ব্রিটেনের সানডে টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নির্বাচনে জালিয়াতি হলে রাজপথের দখল নেওয়া ছাড়া তার দলের আর কোনো বিকল্প থাকবে না। জনমত জরিপে মুশাররফপন্থি দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-কিউ) পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এর চেয়েও পিছিয়ে আছে। নির্বাচনের প্রাক্কালে পিএমএল-এন অভিযোগ করেছে, নির্বাচনে ব্যাপক জালিয়াতি করার সব পরিকল্পনা সম্পন্ন হয়েছে। তবে পাকিস্তানের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান মুশাররফ বলে আসছেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। একইসঙ্গে তিনি রাজপথে বিক্ষোভের বিরুদ্ধেও সতর্কতা জারি করেছেন। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ এবং কয়েকটি ছোট ইসলামপন্থি দল এই নির্বাচন বয়কট করছে। নির্বাচনের আগের কয়েকটি সহিংস ঘটনা এবং আরও সহিংসতার আশঙ্কায় নির্বাচনী প্রচারাভিযান সেভাবে জমেনি। প্রচারভিযানের সময় হামলার ভয়ে প্রতি মুহূর্তে তটস্থ ছিলেন দলীয় নেতাকর্মীরা। বেনজির হত্যাকাণ্ডের ফলে তার দল পিপিপি এ নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক সহানুভূতি ভোট পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে পিপিপি বা অপর প্রধান দুটি দল মুশাররফ সমর্থিত পিএমএল-কিউ এবং নওয়াজের দল পিএমএল-এন কেউই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, প্রধান তিনটি বিরোধীদলের দুইটির মধ্যে একটি জোট হতে পারে। নির্বাচনের জন্য সরকার প্রায় পাঁচ লাখ পুলিশের পাশাপাশি ৮০ হাজার সেনা মোতায়েন করেছে। একইসঙ্গে সরকার সর্বমোট ৬৪ হাজার ভোট কেন্দ্রের ৩০ শতাংশকে 'স্পর্শকাতর' এবং ১৪ শতাংশকে 'সবচেয়ে স্পর্শকাতর' কেন্দ্র হিসাবে ঘোষণা করেছে। আফগান সীমান্তবর্তী সহিংস বিক্ষুব্ধ পুরো আদিবাসী এলাকার সবকটি (১,১২২টি) ভোট কেন্দ্রকেই 'সবচেয়ে স্পর্শকাতর' ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক আট কোটি ১০ লাখ লোক এ নির্বাচনে ভোটার হিসেবে বিবেচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/এএমটি/২০৪২ ঘ.