দার এস সালাম, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কসোভোর স্বাধীনতা ঘোষণার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে সম্ভাব্য সহিংসতা রোধে ইউরোপীয় মিত্রদের সঙ্গে কাজ করবে এবং সর্বোচ্চ চেষ্টা চালাবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রোববার তাঞ্জানিয়া সফরকালে একথা বলেছেন।
রোববার কসোভো আনুষ্ঠানিকভাবে সার্বিয়া থেকে নিজেদের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা আগে কথা বুশ একথা বলেছেন।
তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জাকায়া কিকওয়েতের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বুশ বলেন, "ওই অঞ্চলে যাতে সহিংসতা না হয় তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আমাদের মিত্রদের সঙ্গে কাজ করে যাবে।"
বুশ বলেন, বলকান অঞ্চলে স্থিতিশীলতার জন্যই কসোভোর মর্যাদার বিষয়টি সমাধান হওয়া দরকার।
বুশ আরও বলেন, কসোভো সরকার সার্বদের অধিকারের প্রতি সমর্থন জানানোর বিষয়ে যে সদিচ্ছা প্রকাশ করেছে তাতে উৎসাহিত বোধ করেছেন তিনি।
সার্বিয়া কসোভোর এ স্বাধীনতার বিরোধিতা করে আসলেও ওয়াশিংটন এবং বেশিরভাগ ইইউ সদস্য রাষ্ট্র কসোভেকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নিজেদের অবস্থানের কথা জানিয়ে আসছে।
অবশ্য যুক্তরাষ্ট্র কসোভোকে স্বীকৃতি দেবে কি না এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি বুশ।
কসোভোতে এখন ন্যাটোর প্রায় ১৬,০০০ সেনা মোতায়েন রয়েছে। ওদিকে, আগামী মাসের শুরুতে সেখানে ২,০০০ সেনার একটি বিশেষ মিশন পাঠিয়ে কসোভোর আইন শৃঙ্খলার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
কিন্তু সার্বিয়া এর এর বিরোধিতা করে বলছে যে, ইইউ'র এ মিশনের জাতিসংঘের অনুমোদন না থাকায় এর বৈধতা নেই। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য রাশিয়াও সার্বিয়ার এ অবস্থানের সঙ্গে একমত পোষণ করে সার্বিয়াকে সমর্থন দিয়ে আসছে।
কিন্তু রাশিয়ার বিরোধিতার মুখেও প্রেসিডেন্ট বুশ সার্বিয়াকে ইউরোপের সঙ্গেই জোট বেঁধে থাকার আহ্বান জানিয়েছেন।
বুশ বলেছেন, "আমরা মনে করি নিজের স্বার্থ বিবেচনা করেই সার্বিয়ার ইউরোপের সঙ্গে থাকা উচিৎ যাতে সার্বিয়ার জনগণ এটা বলতে পারে যে আমেরিকায় আমাদের বন্ধু আছে।"
বিদ্রোহ দমনের নামে জাতিগত আলবেনিয়ানদের ওপর সার্ব বাহিনীর হত্যাযজ্ঞ বন্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর ওই অঞ্চলে যুদ্ধ শুরুর প্রায় নয় বছর পর এ স্বাধীনতার ঘোষণা দিতে যাচ্ছে কসোভো।
কসোভোর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়ন সমর্থিত সাবেক যুগোস্লাভিয়ার ভাঙনের শেষ অধ্যায়টি শেষ হতে যাচ্ছে। ১৯৯১ সালে সার্বদের শাসনাধীন যুগোস্লাভিয়া ফেডারেশন ভাঙতে শুরু করলে সেখান থেকে একে একে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, মেসেডোনিয়া, বসনিয়া এবং মন্টেনিগ্রো। কসোভো স্বাধীন হলে তা হবে সাবেক যুগোশ্লাভিয়াভুক্ত ষষ্ঠ স্বাধীন রাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০০ ঘ.
bdnews24