২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্দেশনা নয়, কেনিয়া সংকট সমাধানে সাহায্য করতে চাই: বুশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রোববার বলেছেন, কেনিয়ায় কিভাবে সংকট সমাধান করা যাবে তা নির্ধারণ করে দেওয়া নয় বরং জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মধ্যস্থতা প্রচেষ্টায় সাহায্য করতে চান তিনি। আর এ উদ্দেশ্যেই পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে সোমবার কেনিয়ায় পাঠাচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 10:15 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

দার এস সালাম, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রোববার বলেছেন, কেনিয়ায় কিভাবে সংকট সমাধান করা যাবে তা নির্ধারণ করে দেওয়া নয় বরং জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মধ্যস্থতা প্রচেষ্টায় সাহায্য করতে চান তিনি। আর এ উদ্দেশ্যেই পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে সোমবার কেনিয়ায় পাঠাচ্ছেন তিনি। তাঞ্জানিয়ার রাজধানী দার এস সালামে দেশটির প্রেসিডেন্ট জাকায়া কিকওয়েতে'র সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। শনিবার বেনিন সফরের মধ্য দিয়ে আফ্রিকার পাঁচটি দেশে এ সফর শুরু করেন প্রেসিডেন্ট বুশ। বুশ বলেন তিনি এবং রাইস প্রেসিডেন্ট কিকওয়েতের সঙ্গে আলোচনা করেছেন যে, "কতো ভালভাবে এ প্রক্রিয়াকে আমরা সহায়তা করতে পারি। এ প্রক্রিয়াকে পরিচালিত করার উদ্দেশ্যে আমাদের কি করা উচিৎ তা নয়, বরং প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যেতে আমেরিকা কি করতে পারে সেটাই আমরা আলোচনা করেছি।" কফি আনানের মধ্যস্থতা প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেনিয়ায় শান্তির অন্তরায় হিসেবে কাজ করছে এমন যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। প্রেসিডেন্ট বুশ এর আগে শনিবার বেনিনে বলেছেন, "রাইসের এই সফরে প্রধান উদ্দেশ্য হল, যুক্তরাষ্ট্র আসলে কি চাইছে কেনিয়ার উভয়পক্ষকে তা জানানো। সংকট সমাধানে ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে তাদের রাজি হওয়া উচিৎ বলে আমরা মনে করি।" কেনিয়ায় গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচন পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে এক হাজার মানুষ নিহত হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি ক্ষমতা দখল করেছেন। মধ্যস্থতাকারী কফি আনান জানিয়েছেন, গত সপ্তাহে সংকট সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সোমবার তিনি প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি ও বিরোধী নেতা রাইলা ওডিঙ্গার সঙ্গে বৈঠক করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/ ১৫৪৮ ঘ.