২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিপি'র নির্বাচনী প্রচারাভিযানে হামলা, ৩৭ জন নিহত

পাকিস্তানে বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একটি নির্বাচনী কার্যালয়ের কাছে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে শনিবার কমপক্ষে ৩৭ জন নিহত এবং আরও শ'খানেক লোক আহত হয়েছেন। আফগান সীমান্তবর্তী এলাকার ছোট্ট শহর পারাচিনারে পিপিপি'র নির্বাচনী কার্যালয়ের সামনে এই বিস্ফোরণ ঘটেছে। (বিস্তারিত )

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১২ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একটি নির্বাচনী কার্যালয়ের কাছে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে শনিবার কমপক্ষে ৩৭ জন নিহত এবং আরও শ'খানেক লোক আহত হয়েছেন। আফগান সীমান্তবর্তী এলাকার ছোট্ট শহর পারাচিনারে পিপিপি'র নির্বাচনী কার্যালয়ের সামনে এই বিস্ফোরণ ঘটেছে। সোমবারের সাধারণ নির্বাচনের আগে প্রচারণার শেষ দিনে একটি মিছিল শেষে সমর্থকরা যখন ওই কার্যালয়ে ফিরছিলেন, তখন হামলাকারী একটি গাড়ি নিয়ে তাদের মধ্যে ঢুকে পড়ে ওই বিস্ফোরণ ঘটায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাভেদ ইকবাল চিমা জানান, " আমরা পুনরায় গুনে দেখেছি যে, ৩৭ জন নিহত এবং আরও প্রায় ৯০ জন আহত হয়েছেন।" এর আগে নিরাপত্তা ও হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছিলেন আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে আরও বহু লোককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে এবং পুলিশ ও উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছিলেন তারা। ঘটনার কিছুক্ষণ পর পারাচিনারের প্রধান সরকারি হাসপাতালের চিকিৎসক মুনির হাসান বাঙ্গাশ বলেন, " পরিস্থিতি খুবই খারাপ। হতাহতদের অনেকে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছেন। আমরা এখনও মৃতের সংখ্যা গুণে শেষ করতে পারিনি।" ওদিকে পাকিস্তানের দক্ষিণাঞ্চলের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সেখানে নির্বাচনের দিনে ভোটকেন্দ্রে হামলার একটি ষড়যন্ত্র নস্যাত করে দিয়েছেন তারা। নির্বাচনের দিনে সহিংসতার আশঙ্কায় দেশজুড়ে প্রায় ৮০ হাজার সেনা মোতায়েন করেছে সরকার। একইসঙ্গে সর্বমোট ৬৪ হাজার ভোট কেন্দ্রের ৩০ শতাংশকে "স্পর্শকাতর" এবং ১৪ শতাংশকে "সবচেয়ে স্পর্শকাতর" কেন্দ্র হিসাবে ঘোষণা করেছে সরকার। আফগান সীমান্তবর্তী সহিংস বিক্ষুব্ধ পুরো আদিবাসী এলাকার সবকটি (১,১২২টি) ভোট কেন্দ্রকেই "সবচেয়ে স্পর্শকাতর" হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক আট কোটি ১০ লাখ লোক এ নির্বাচনে ভোট দিতে পারবেন। ৮ জানুয়ারি নির্বাচন অনুস্ঠানের কথা থাকলেও গত বছরের ২৭ ডিসেম্বর পিপিপির প্রধান বেনজির ভুট্টো এক সমাবেশ শেষে আততায়ীর হামলায় নিহত হলে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। বেনজির দুই দফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এএমটি/২১৩২ ঘ.