কলম্বো, ফ্রেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার যুদ্ধ বিমান দেশটির উত্তরাঞ্চলে তামিল টাইগার বিদ্রোহীদের একটি নৌপ্রশিক্ষণ ঘাঁটিতে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। শুক্রবার সেনাবাহিনী এ দাবি জানিয়েছে।
বিমান বাহিনীর মুখপাত্র উইং কমান্ডার এন্ড্রু উইজেসুরিয়া বলেন, "উত্তর-পূর্বাঞ্চলীয় মুলাইতিভু জেলায় বিদ্রোহীদের ওই প্রশিক্ষণ ঘাঁটিতে হামলায় ঘাঁটিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে আমরা মনে করছি।"
তিনি আরও বলেন, "টাইগাররা তাদের এই ঘাঁটি থেকে উইলিয়া অঞ্চলে হামলা চালিয়ে আসছে এবং ক্যাডারদের প্রশিক্ষনের জন্য তারা এই নৌ ঘাঁটি ব্যবহার করে।"
তবে ওই হামলায় হতাহতের ব্যাপারে তাৎক্ষনিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগের দিন বিমানবাহিনী জানিয়েছিল তারা একই এলাকায় একটি বিদ্রোহী ঘাঁটি ধ্বংস করে দিয়েছে।
তবে এ ব্যাপারে মন্তব্য জানান জন্য 'লিবারেশন টাইগার অব তামিল ইলম' (এলটিটিই) বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গত জানুয়ারির মাঝামাঝিতে শ্রীলংকা সরকার যুদ্ধবিরতি থেকে বেরিয়ে আসার পর দেশটিতে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
তবে বিশ্লেষকরা সব সময় বলে আসছে, উভয় পক্ষ সংঘর্ষে শত্র"পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি বলে দাবি করে এবং প্রায় ক্ষেত্রে নিরপেক্ষ সূত্রের মাধ্যমে তা যাচাই করা সম্ভব হয় না।
সরকার তামিল গেরিলাদের উত্তরাঞ্চলের ঘাঁটি থেকে সরিয়ে দিয়ে ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটাতে চাইছে।
উত্তর-পূর্বাঞ্চলে তামিল অধুষ্যিত এলাকা নিয়ে স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২৫ বছর ধরে লড়াই করছে এলটিটিই। ১৯৮৩ সালের পর থেকে সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে ৭০ হাজার মানুষ নিহত হয়েছে।
বিডিনিুউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইববি/১৪৪৫ ঘ.
bdnews24