ডেকাল্ব, ইলিনয়, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার এক কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে পাঁচ ছাত্র নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছে। পরে বন্দুকধারী নিজেও গুলি করে আত্মহত্যা করে। পুলিশ ও কলেজ কর্মকর্তারা একথা জানিয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানায়, বন্দুকধারী দুপুরের দিকে নর্দান ইলিনয় ইউনিভার্সিটির লেকচার হলে ঢুকে পড়ে এবং গুলিবর্ষণ শুরু করে। সেখানে তখন ভূ-তত্ত্বের ক্লাস চলছিল। ভীত-সন্ত্রস্ত ছাত্র-ছাত্রীরা এ সময় পালানোর চেষ্টা করে। এরপর এখানেই সে নিজের গুলিতে আত্মহত্যা করে।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর কাছে একটি শর্টগান এবং দু'টি হাতবন্দুক ছিল। সে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। কিন্তু পুলিশ তার পরিচয় জানায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন পিটারস বলেন, "বন্দুকধারী অল্প সময়ের মধ্যে দ্রুত গুলি চালায় এবং শেষে নিজেই গুলিতে আত্মহত্যা করে।"
তিনি আরও জানান, নিহতদের সকলেই শিক্ষার্থী। এদের মধ্যে চার জন ছাত্রী এবং একজন ছাত্র। আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তবে ওই সময় ক্লাসে যে শিক্ষক উপস্থিত ছিলেন তিনি বেঁচে গেছেন।
গুলির সময় ক্লাসে উপস্থিত এক ছাত্র বলেন, "আমি ভয়ে বেঞ্চের নিচে লুকিয়ে পড়ি। পরে এক সুযোগে দৌড়ে দরজা দিয়ে বেরিয়ে আসি।"
তিনি আরও বলেন, "দৌড়াতে দৌড়াতে আমার মনে হচ্ছিল পেছন থেকে আমার পিঠে গুলি লাগতে পারে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোথায় লুকানো নিরাপদ হবে।"
পুলিশ জানায়, শিকাগো থেকে ৬৫ মাইল পশ্চিমে অবস্থিত এই কলেজটিতে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী পড়াশুনা করে।
সা
bdnews24