ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ড তদন্তে নিয়োজিত পাকিস্তানি পুলিশ বুধবার জানিয়েছে, তদন্তকাজে তারা "বড় ধরনের সাফল্য" অর্জন করেছেন।
পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে গ্রেপ্তারকৃত দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে তারা সফল হয়েছেন। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে বেনজিরের হামলাকারীকে তারা একটি পিস্তল ও আত্মঘাতী জ্যাকেট দিয়েছিল।
বেনজির হত্যা তদন্তের নেতৃত্ব দানকারী পাকিস্তান পুলিশের ডিআইজি চৌধুরী আব্দুল মজিদ বুধবার ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, "তারা স্বীকার করেছে যে তারা বোমা হামলাকারীকে একটি পিস্তল এবং আত্মঘাতী জ্যাকেট দিয়েছিল।"
তিনি বলেন, "এটা বড় ধরনের একটা সফলতা। তাদের স্বীকারোক্তি মামলায় একটি বড় ধরনের সাক্ষ্য-প্রমাণ।"
গত ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশ শেষে ফেরার সময় গুলি ও বোমা হামলায় প্রাণ হারান পাকিস্তানের দুই বারের প্রধানমন্ত্রী বেনজির।
ডিআইজি মজিদ বলেন, গত সপ্তাহে রাওয়ালপিন্ডিতে গ্রেপ্তার হওয়া দুইজন এ স্বীকারোক্তি দিয়েছে। এদের নাম হাসনাইন গুল এবং রিফাকাত।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে "তারা (বোমা হামলাকারী) সাইদ আলিয়াস বিলালকে আশ্রয় দিয়েছিল এবং হামলা চালাতে সাহায্য করেছিল।"
মজিদ জানান, হাসনাইন গুল এবং রিফাকাতের সঙ্গে জঙ্গিদের সম্পর্ক ছিল। তাদের এক ঘনিষ্ঠ বন্ধু গত জুলাই মাসে রাজধানী ইসলামাবাদের লাল মসজিদে কমান্ডো অভিযানের সময় মারা যায়। জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত লাল মসজিদের ওই সেনা অভিযানে শতাধিক লোকের প্রাণহানি হয়েছিল।
মজিদ আরও জানান, এই দুই জঙ্গির সঙ্গে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী আদিবাসী এলাকায় আল-কায়েদার মদদপুষ্ট জঙ্গি নেতা বায়তুল্লাহ মেহসুদের সম্পর্ক আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
পাকিস্তান এবং মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ বেনজির হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন বায়তুল্লাহ মেহসুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪০৬ ঘ.
bdnews24