কুয়ালা লামপুর, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালয়েশিয়ায় আগামী ৮ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দেশটির নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে।
২০০৯ সালের ১৬ মে'র আগে মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল না। তবে নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে গত বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবি আগাম নির্বাচনের ডাক দেন।
ধারণা করা হচ্ছে, গোষ্ঠিগত ও ধর্মীয় ইস্যু নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষ সত্ত্বেও এ আগাম নির্বাচনে ক্ষমতাসীন জোট অল্প ব্যবধানে হলেও বিজয়ী হবে।
বিশ্লেষকরা বলছেন, ২০০৩ সালে ক্ষমতায় আসা বাদাবি তার মেয়াদের বাকী সময়ে হয়তো নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ না পেতে পারেন। এছাড়া মালয়েশিয়ার অর্থনীতিতেও মন্দার সৃষ্টি হতে থাকায় সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ বাড়তে পারে। আর তাই হয়তো আগাম নির্বাচনের ডাক দিয়েছেন বাদাবি।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২৪ ফেব্র"য়ারির মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। এর ফলে প্রার্থীরা মাত্র ১৩ দিন তাদের নির্বাচনী প্রচারাভিযান চালাতে পারবেন। কেননা, মালয়েশিয়ার নির্বাচনী আইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই শুধু সক্রিয় প্রচারাভিযান শুরু করার কথা বলা আছে।
নির্বাচনী প্রচারাভিযানের জন্য এ সময় খুবই কম বলে অভিযোগ করেছে বিরোধীদলগুলো। তবে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল রশিদ আব্দুল রহমান এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, "এ সময় পর্যাপ্তর চেয়েও বেশি।"
বুধবার প্রশাসনিক রাজধানী পুত্রজয়ার বাসভবনে দেওয়া এক সংবাদ সম্মেলনে বাদাবি জানান, পার্লামেন্ট বিলুপ্ত এবং আগাম সাধারণ নির্বাচন আহ্বান সম্পর্কে তিনি রাজার অনুমতি পেয়েছেন। তিনি জানান, বুধবারই পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার কথা।
বাদাবি বলেন, "রাজা পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১২৩৫ ঘ.
bdnews24