দিলি, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা বিদ্রোহিদের হামলায় সোমবার ভোররাতে আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়। একইদিন সকালে প্রধানমন্ত্রী গুসমাওয়ের বাড়িতেও হামলা চালিয়েছে বিদ্রোহিরা। গুসমাও এতে আহত হননি। তবে হামলার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বিদ্রোহী নেতা আলফ্রেডো রেইনডো। কর্মকর্তারা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)
স্বাধীনতা অর্জনে বিশেষ ভূমিকার জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হোর্তার বাসভবনে সোমবার ভোররাতে হামলা চালায় বিদ্রোহীরা। এ সময় তিনি পেটে গুলিবিদ্ধ হন। এরপরই তাকে রাজধানী দিলিতে অবস্থিত আস্ট্রেলিয়ার একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে সেনা চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেন।
পররাষ্ট্রমন্ত্রী জাকারিয়াস দা কস্তা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর প্রেসিডেন্টের অবস্থা স্থিতিশীল রয়েছে। দিলিতে অস্ট্রেলিয়ান সামরিক ঘাঁটি থেকে তিনি সিএনএন টেলিভিশনকে বলেন, "প্রেসিডেন্টের অবস্থা এখন স্থিতিশীল। তবে তিনি বিপদমুক্ত।"
তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য প্রেসিডেন্ট হোর্তাকে অস্ট্রেলিয়ার শহর ডারউইনের একটি হাসপতালে নেওয়া হবে।
রয়াল ডারউইন হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, "প্রেসিডেন্ট হোর্তাকে আজ আরও পরে এখানে আনা হতে পারে। আমরা এখন তার চিকিৎসার প্রস্তুতি নিচ্ছি।"
সোমবার সকালে প্রধানমন্ত্রী জানানা গুসমাওয়ের বাড়িতেও বিদ্রোহী হামলা হয়েছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি এবং গুসমাও অক্ষত আছেন বলে জানিয়েছে গুসমাওয়ের নিরাপত্তা দলের এক সদস্য।
নিরাপত্তাকর্মী আলফ্রেডো দ্য অ্যারাউজো বলেন, "হামলায় কেউ হতাহত হয়নি তবে গুসমাওয়ের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।"
কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে গুসমাওয়ের পরিবারের সদস্যদের একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ওপর কারা হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন পরারষ্ট্রমন্ত্রী কস্তা। তিনি বলেন, "কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।"
সেনাবাহিনী জানিয়েছে, সোমবার ভোর সাড়ে চারটার দিকে এই প্রেসিডেন্ট হোর্তার বাড়িতে দুটি গাড়িতে করে হামলা চালায় বিদ্রেহীরা। তারা আরও জানিয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা সদস্যরা প্রেসিডেন্টের বাসভবন ঘিরে রেখেছে এবং নতুন সহিংসতা রোধ করতে রাজধানীর রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে।
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ওপর হামলার পর দিলির পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে রাজধানীবাসী। তবে কিছু বিশ্লেষক মনে করছেন, এই হামলার ফলে সদ্য স্বাধীনতা পাওয়া পূর্ব তিমুর অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
সাহায্যকর্মী মাওরিসিও বর্জেস বলেন, "দিলি নিরাপদ। রাজধানীতে কোনো বিশৃঙ্খলা নেই। পুলিশ ও সেনাবাহিনীর অসংখ্য সদস্য রাজপথে টহল দিচ্ছে। অনেক হেলিকপ্টারও উড়তে দেখা যাচ্ছে।"
তিনি জানান, বেতার ভাষণে জাতিকে শান্ত থাকার অহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী গুসমাও। তিনি বলেছেন, "রাষ্ট্রের বিরুদ্ধে হামলা ব্যর্থ হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এসকে/এফএইচবি/০৯৪৫ ঘ.
bdnews24