লন্ডন, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লন্ডনের বিদেশী পর্যটকদের সবচেয়ে জনপ্রিয় শপিং মল ক্যামডেন মার্কেটে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটছে। এতে কেউ হতাহতের না হলেও বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য মার্কেট থেকে লোকজনকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।
আগুন নিভে যাওয়ার পর কয়েকটি মার্কেটে এবং কয়েকটি রাস্তায় পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। এ সময় চক ফার্ম রোড ও ক্যামডেন হাই স্ট্রিট সাধারণ জনগণের যাতায়াতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, "ভবনের ক্ষয়ক্ষতি নির্ধারণ ও আগুনের কারণ অনুসন্ধানের জন্য মানুষকে ওই এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। তিন/চার দিন মার্কেটে লোক চলাচল বন্ধ রাখা হতে পারে।"
এর আগে লন্ডনের দমকল বাহিনী জানায়, ২০টি কল ব্যবহার করে ১০০ দমকলকর্মী আগুন নেভানোর প্রাণপন চেষ্টা চালায়।
দমকল বাহিনী আরও জানায়, মার্কেট এলাকার দোকান, গুদাম ঘর এবং মার্কেটের সঙ্গে লাগোয়া বাড়িঘর আগুনে পুড়ে গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মার্কেটের আশপাশের বাড়িঘরের মানুষ সরিয়ে নেয়া হয়েছে।
ক্যামডেনের রাস্তার পাশে দাঁড়িয়ে ফ্যাশন ও গানের উৎসবে যোগ দেওয়া লোকজন আগুনের শিখা এবং কালো ধোঁয়া উড়তে দেখে। পরবর্তীতে আগুন নিভে এলেও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে সারারাত অবস্থান করে।
দমকল বাহিনীর মুখপাত্র গাই ফস্টার সাংবাদিকদের জানান, আগুনের লেলিহান শিখা উপেক্ষা করে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, দেখে মনে হচ্ছে মার্কেটের ভেতরের কোন দোকান থেকেই আগুনের সূত্রপাত। তদন্তকারী দল ঘটনাস্থলে রয়েছে। তারা আগুন লাগার কারণ জানার চেষ্টা করছে।
পুলিশের একজন মুখপাত্র জানায়, মার্কেটে কেউ আগুন লাগিয়েছে এমন কোনো আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৭২০ ঘ.
bdnews24