ক্যানবেরা, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - স্ত্রীকে হত্যার পর ২৩ বছর ধরে লাশ লুকিয়ে রেখেছিলেন অস্ট্রেলিয়ার এক লোক। গাড়ি রাখার ঘরে একটি ধাতব ড্রামের মধ্যে লাশ লুকিয়ে রাখা হয়েছিল।
সুপ্রিম কোর্টের এক বিচারকের কাছে শনিবার অভিযোগ করা হয়েছে, ফ্রেডেরিক বোয়েল (৫৮) নামের ওই লোক ১৯৮৩ সালে তার ৩০ বছর বয়সী স্ত্রী এডউইনা বোয়েলকে হত্যা করেন। এরপর তার লাশ একটি বড় ধাতব ড্রামের মধ্যে লুকিয়ে রাখেন।
২০০৬ সালে বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময় বোয়েলের জামাই ওই ড্রামটি খুলে তার মধ্যে নারীদের একটি কাপড়ের ব্যাগ দেখতে পাওয়ার পর এ হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হতে থাকে। এর দুই সপ্তাহ বাদে তিনি গাড়ি রাখার ঘরের ময়লা আবর্জনার মধ্যে মানুষের দেহাবশেষ দেখতে পান।
তবে বোয়েল জানিয়েছেন তিনি স্ত্রীকে হত্যা করেননি। তিনি দাবি করেছেন, বিছানায় স্ত্রীকে মৃত অবস্থায় দেখার পর লাশ লুকিয়ে রাখেন।
বোয়েল তার সন্তানদের বলেছিলেন, তাদের মা তাকে ছেড়ে এক ট্রাক ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেছে।
কিন্তু মামলার আইনজীবীরা বলছেন, বোয়েল তার স্ত্রীর মাথায় গুলি করেছিল।
বোয়েল বর্তমানে নিরাপত্তা হেফাজতে রয়েছেন এবং এ মাসের শেষ দিকে তার বিরুদ্ধে রায় দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৬৪৫ ঘ.
bdnews24