নিউ ইয়র্ক, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন নিয়ে হিলারি-ওবামার লড়াই এখন আবর্তিত হচ্ছে হিস্পানিক বংশোদ্ভূত মার্কিন ভোটারদের ঘিরে। সুপার টুয়েসডে-তে হিলারির ভাল ফলের মূলেও রয়েছে তার পক্ষে মার্কিনি হিস্পানিকদের সমর্থন। রাজনৈতিক বিশ্লেষকরা একথা জানিয়েছেন।
মার্চের ৪ তারিখে আমেরিকার দ্বিতীয় জনবহুল রাজ্য টেক্সাসের নির্বাচনে ওবামা প্রতিদ্বন্দ্বী হিলারিকে টপকাতে পারবেন কি না সেটাও নির্ভর করছে অনেকটা সেখানকার হিস্পানিকদের ওপরই। কেননা এ রাজ্যের নিবন্ধিত ভোটারের এক চুতর্থাংশই হিস্পানিক।
অনেকদিন ধরেই হিস্পানিকদের নিজের পক্ষে টানায় সাফল্য দেখাতে পেরেছেন হিলারি। তার ফলাফলও দেখা গেছে সুপার টুয়েসডেতে।
সিএনএন-এর বুথ ফেরৎ জরিপে দেখা গেছে, ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাট ভোটারদের ২৯ ভাগই ছিল হিস্পানিক। আর তাদের ৬৯ ভাগেরই সমর্থন পেয়েছেন হিলারি। অন্যদিকে, ওবামা পেয়েছেন ২৯ ভাগের সমর্থন।
হিস্পানিক ভোটারদের প্রাধান্য আছে এমন অন্যান্য রাজ্যগুলোতেও প্রায় কাছাকাছি চিত্র দেখা গেছে। হিলারির নিজের রাজ্য নিউ ইয়র্কে হিস্পানিকদের সমর্থনের এ হার ছিল, হিলারি:৭৩ - ওবামা: ২৬ শতাংশ। নিউ জার্সিতে হিলারি:৬৮ - ওবামা: ৩০ শতাংশ।
অবশ্য নিজের রাজ্য ইলিনয়-এ হিস্পানিকদের ভোটে হিলারির সঙ্গে প্রায় সমান হিস্যা আদায় করতে পেরেছেন ওবামা। সেখানে হিস্পানিক ভোটের ৪৯ শতাংশ পেয়েছেন তিনি। আর হিলারি পেয়েছেন ৫০ শতাংশ।
বুধবারের এক সমাবেশে বিষয়টির প্রতি নজর দিয়ে ওবামা বলেছেন, "ল্যাটিনোরা (হিস্পানিক) আমাকে যত বেশি জানবে আমরা ততোটাই এগুতে পারব।"
সুপার টুয়েসডে-তে ২২ টি রাজ্যের মধ্যে ওবামা ১৩ টিতে এবং হিলারি ৮ টিতে জয় পেলেও নিজের পক্ষে প্রতিনিধি নির্বাচনের দৌড়ে ওবামাকে ছাড়িয়ে গেছেন হিলারি।
দলীয় মনোনয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় ২,০২৫ জন প্রতিনিধির মধ্যে এ যাবৎ হিলারি নিজের পক্ষে পেয়েছেন মোট ১,০৪৫ জন এবং ওবামা পেয়েছেন মোট ৯৬০ জন প্রতিনিধি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১৭ ঘ.
bdnews24