২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির 'রোড ম্যাপ' বাস্তবায়নে কাজ করছে ফিলিস্তিন: ব্লেয়ার

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় আন্তর্জাতিক বিশ্বের প্রতিনিধি, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, শান্তি পরিকল্পনার রোড ম্যাপ বাস্তবায়নে ফিলিস্তিন তাদের দায়িত্ব পালন করছে, এখন ইসরায়েলের উচিৎ তাদের কাজ শুরু করা। ফিলিস্তিনের পশ্চিম তীর সফরের সময় বৃহস্পতিবার তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2008, 04:27 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

নাবলুস, পশ্চিম তীর, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় আন্তর্জাতিক বিশ্বের প্রতিনিধি, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, শান্তি পরিকল্পনার রোড ম্যাপ বাস্তবায়নে ফিলিস্তিন তাদের দায়িত্ব পালন করছে, এখন ইসরায়েলের উচিৎ তাদের কাজ শুরু করা। ফিলিস্তিনের পশ্চিম তীর সফরের সময় বৃহস্পতিবার তিনি একথা বলেন। আগামী জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার আগে মধ্যপ্রাচ্যে একটি শান্তি চুক্তি করে যেতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এজন্য ২০০৩ সালের পরিকল্পনা অনুযায়ী রোড ম্যাপ বাস্তবায়নে ইসরায়েল ও ফিলিস্তিন তাদের দায়িত্ব পালন করছে কিনা তা মূূল্যায়ন করে দেখবে যুক্তরাষ্ট্র। তবে রোড ম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ইসরায়েল তাদের দিক থেকে এ ব্যাপারে সহযোগিতা করবে না বলে জানিয়ে দেওয়ায় শন্তি চুক্তির অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। নিজেদের দিক থেকে ইসরায়েলও তাদের দায়িত্ব পালন করছে না। রোড ম্যাপ অনুযায়ী তারা এখনও পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ করেনি। পশ্চিম তীরের নাবলুস সফরের সময় ব্লেয়ার বলেন, "আমি মনে করি গত কয়েক মাসে এখানে যা ঘটেছে তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ রোড ম্যাপ বাস্তবায়নের প্রথম পর্যায়ে যা করা দরকার তা অনেকটা হয়েছে।" পরে রামাল্লাহ সফরের সময় তিনি বলেন, "নিরাপত্তার দিক দিয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষ বেশ গুরুত্বপূর্ণ উন্নতি করতে পেরেছে। সেটা খুবই দরকার ছিল। এখন নাগরিকদের চলাফেরার ওপর যে সব বাধা নিষেধ আছে তা আরও সহজ করা দরকার।" তবে গত জুনে হামাস গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর পশ্চিম তীরেও আব্বাসের কতৃত্ব অনেকটা সীমাবদ্ধ হয়ে এসেছে। তার পরও গত বছরের শেষের দিকে পশ্চিম তীরে নিরাপত্তা অভিযান জোরদার করেছে ফিলিস্তিন নিরাপত্তারক্ষীরা। এ সময় বেশ কিছু অস্ত্র উদ্ধারসহ বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। ব্লেয়ার জানান, নিরাপত্তার দিক দিয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষ অনেক অগ্রগতি করতে পেরেছে। এখন ইসরায়েলেরও উচিৎ রোড ম্যাপের শর্তানুযায়ী পদক্ষেপ নেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১৩ ঘ.