জাতিসংঘ, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অবিলম্বে কেনিয়ার জাতিগত সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কেনিয়ার সহিংসতাকে "উদ্দেশ্য প্রণোদিতভাবে চালানো জাতিগত হামলা" অভিহিত করে বুধবার নিরাপত্তা পরিষদ এ দাবি জানায়।
প্রসঙ্গত, কেনিয়ায় গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচন পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত এক হাজারের বেশি লোকের প্রাণহানি হয়েছে। আর এদের অধিকাংশের প্রাণহানি হয় জাতিগত সহিংসতায়।
ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি দ্বিতীয়বারের মতো কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা অভিযোগ করে আসছেন, নির্বাচনে জালিয়াতি করে তার জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।
নির্বাচন পরবর্তী সহিংসতা শুরু হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিবৃতি দিল ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ। বিবৃতিতে নিরাপত্তা পরিষদ কেনিয়াকে "সত্ত্বর উদ্দেশ্য প্রণোদিতভাবে চালানো জাতিগত হামলাসহ সব ধরনের সহিংসতা বন্ধ, সশস্ত্র লোকদের নিরস্ত্রীকরণ, মানবিক পরিস্থিতির উন্নয়ন এবং মানবাধিকার পুনর্প্রতিষ্ঠার" নির্দেশ দিয়েছে।
নিরাপত্তা পরিষদের গত সপ্তাহে দেওয়া বিবৃতির চেয়ে এবারের বিবৃতিতে কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে কেনিয়ার চলমান ভয়ানক মানবিক পরিস্থিতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শরণার্থী এবং বাস্তুচ্যুতদের সুরার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন মধ্যস্থতা প্রচেষ্টায় নিরাপত্তা পরিষদের সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৫৯ ঘ
bdnews24