নাইরোবি, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ার সংকট সমাধানে আগামী বৃহস্পতিবার নাইরোবিতে অনুষ্ঠিত হবে পূর্ব আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক । তবে এর আগে বুধবার থেকে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে কেনিয়া সরকার ও বিরোধী পক্ষ।
কেনিয়ার বিরোধীরা হুমকি দিয়েছে পূর্ব আফ্রিকার দেশ গুলোর সংস্থা 'ইন্টারগভার্নমেন্টাল অথরিটি অন ডেভোলপমেন্ট' (আইজিএডি) এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কেনিয়া সরকার সভাপতিত্ত্ব করলে তারা আবারও বিক্ষোভ করবে। কেনিয়ার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি বর্তমানে আইজিএডি প্রধান।
এক বিরোধী কর্মকর্তা বলেন, "সরকার যদি আইজিএডি মন্ত্রীদের বৈঠক করতে চায় তাহলে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করব। আমাদের বক্তব্য তুলে ধরার জন্য আমরা প্ল্যাকার্ড নিয়ে মার্চ করব।"
গত ২৭ ডিসেম্বরের বিকর্কিত নির্বাচনের পর থেকে দেশটিতে সকল সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে। এর আগে এই ধরনের বিক্ষোভ থেকে অনেক সহিংসতা হয়েছে।
তবে কেনিয়া সংকটের মধ্যস্থতাকারী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান জানিয়েছেন, আলোচনা চলাকালীন সময়ে কোনো বিক্ষোভ হবে না।
কেনিয়ার পরাষ্ট্রমন্ত্রী মোসেস ওতেঙ্গুলা জানিয়েছেন, বৈঠকের উদ্দেশ্যে সাত জাতি সংস্থা আইজিএডি'র কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে নাইরোবি পৌঁছেছেন।
নির্বাচন পরবর্তী সহিংসতায় কেনিয়ায় এ পর্যন্ত সহস্রাধিক মানুষ নিহত এবং কমপক্ষে তিন লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। বিরোধীদের অভিযোগ কারচুপি ও জালিয়াতির ওই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি ক্ষমতা দখল করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮১৫ ঘ.
bdnews24