২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বিদ্যুৎ ছাড়াই নববর্ষ উদযাপন

বিদ্যুৎবিহীন অবস্থাতেই বুধবার নববর্ষ উদযাপন করেছে চীনারা। ভয়াবহ তুষারপাতের ফলে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় নামায় চীনা চান্দ্র নববর্ষ বা বসন্ত উৎসব শুরুর দিনে এমন অনাকাঙ্খিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাদের। অবশ্য, পরিবহন ব্যবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে আসায় শেষ পর্যন্ত প্রিয়জনদের সঙ্গে বছরের দীর্ঘতম এ ছুটি কাটানোর জন্য বাড়ি ফিরতে পারছেন বিভিন্ন স্টেশনে আটকাপড়া হাজার হাজার চীনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

টংরেন, চীন, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিদ্যুৎবিহীন অবস্থাতেই বুধবার নববর্ষ উদযাপন করেছে চীনারা। ভয়াবহ তুষারপাতের ফলে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় নামায় চীনা চান্দ্র নববর্ষ বা বসন্ত উৎসব শুরুর দিনে এমন অনাকাঙ্খিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাদের। অবশ্য, পরিবহন ব্যবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে আসায় শেষ পর্যন্ত প্রিয়জনদের সঙ্গে বছরের দীর্ঘতম এ ছুটি কাটানোর জন্য বাড়ি ফিরতে পারছেন বিভিন্ন স্টেশনে আটকাপড়া হাজার হাজার চীনা। চান্দ্র নববর্ষের এ ছুটির প্রাক্কালে মধ্য, দক্ষিণ ও পূর্ব চীনে পড়ে শত বছরের মধ্যে সবচেয়ে বেশি শীত। বরফশীতল তাপমাত্রায় তুষারপাতের ফলে বরফে ঢেকে যায় সেখানকার বিস্তর্ণ এলাকা। যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ায় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কায়েক লাখ ঘরমুখী যাত্রী। আর এমন বৈরি পরিবেশে ঘটা নানান দুর্ঘটনায় প্রাণহানি হয় কয়েক ডজন লোকের। অবশ্য, বুধবার নববর্ষের প্রথম দিনে চীনের অধিকাংশ আকাশই ছিল পরিষ্কার। এদিন প্রত্যাহার করা হয়েছে তিনদিনব্যাপী বৃষ্টি ও তুষারপাতের "তীব্র সতর্কতা।" এছাড়া, কয়েকদিন ধরে হীমশীতল আবহাওয়ায় থাকা দক্ষিণাঞ্চলের তাপমাত্রও বেড়েছে বুধবার। চীনের বৈরি এ আবহাওয়ার কারণে এক সপ্তাহেরও বেশি সময় ধরে অনেকগুলো শহর ছিল বিদ্যুৎহীন। সে বিদ্যুৎ ব্যবস্থা চালু করতে গিয়ে মারা যান ১১ জন ইলেকট্রিশিয়ান। তবে বুধবার পর্যন্তও কোনো কোনো শহরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি। গত ১৪ জানুয়ারি থেকে বিদ্যুৎ নেই বরাফাচ্ছাদিত পার্বত্য গুইভউ প্রদেশের ওয়েজিয়ান শহরে। পানির পাইপ বরফে জমে বা ভেঙ্গে যাওয়ায় বরফাচ্ছাদিত পাহাড়ের ঢালু পথ দিয়ে পায়ে হেটে নীচে নেমে তাদেরকে বালতিতে করে সংগ্রহ করতে হচ্ছে পানি। প্যান ঝেংকাই নামের সেখানকার এক বাসিন্দা জানান, রাত এখানে অন্ধকারের চাদরে ঢেকে যায়। তাই রাত নামার আগে বিকাল চারটায় তাদেরকে রাতের খাবার খেতে হয়। তিনি বলেন, "আমার মনে হচ্ছে অন্ধকারের মধ্যেই আমাদের নববর্ষ উদযাপন করতে হবে। আমরা মোমবাতিও জোগাড় করতে পারছি না।" তুষারপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের চেনঝউ শহরে বুধবার নিয়ে ১২ দিনের মতো বিদ্যুৎ নেই। তবে মঙ্গলবার রাতে শহরের কোনো কোনো অংশ অল্প সময়ের জন্য বিদ্যুৎ ছিল। অবশ্য, হুনান প্রদেশের এক বিদ্যুৎ কর্মকর্তা জানিয়েছেন, বুধবার থেকে চেনঝউ শহরের বাসিন্দারা পর্যায়ক্রমে বিদ্যুৎ সুবিধা পাওয়া শুরু করবেন। চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, ভয়াবহ এ তুষারপাতের কারণে বিদ্যুৎ সরবরাহ লাইনের প্রায় এক হাজার খুঁটি ভেঙ্গে গিয়েছে। এর ফলে স্থানীয় গ্রিডে সৃষ্টি হয়েছে বিপর্যয়। এছাড়া, গত কয়েক দিন ধরে চীনের ১৭০টি কাউন্টিতে ছিল বিদ্যুৎ ঘাটতি। অবশ্য, মঙ্গলবার রাত নাগাদ সেগুলোর ১৩১টিতে পুনরায় পুরোপুরি বা আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বিপর্যয়কর এ আবহাওয়ায় চাল ও সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ায় নববর্ষের মৌসুমে ভোগান্তির মধ্যে পড়েছেন অনেক চীনা। ট্রেনের অপেক্ষায় থাকা ঘরমুখী জনস্রোত নতুন বছরের প্রথম দিন বুধবার অনেক কম দেখা গেছে। যদিও অনেকেই, বিশেষকরে দরিদ্র অভিবাসী শ্রমিকদের অনেকেই বাড়ি না ফেরার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে। এমন প্রেক্ষাপটে সিনহুয়া জানিয়েছে, "লাখ লাখ চীনাকে তাদের প্রিয়জনের কাছে 'ক্ষমা' চাইতে হয়েছে।" তবে এসবের পরও ১০ দিনব্যাপী বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়েছেন চীনারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৮০০ ঘ.