ইসলামাবাদ, ফ্রেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আত্মঘাতী হামলায় নিহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো চাইতেন তার অবর্তমানে স্বামী আসিফ আলী জারদারিই পাকিস্তান পিপল্স পার্টির (পিপিপি) প্রধান হন। মৃত্যুর আগে উইলে সেকথাই জানিয়ে গেছেন তিনি। মঙ্গলবার পিপিপি বেনজিরের উইল প্রকাশ করেছে।
গত ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী সমাবেশ শেষে গাড়িতে ওঠার সময় আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় নিহত হন পিপিপি প্রধান বেনজির ভুট্টো। তার মৃত্যুর পর দলীয় নেতাদের কাছে তার উইলটি পড়ে শোনানো হয়। তবে উইলে কি ছিল তা তখন জনসম্মুখে প্রকাশ করা হয়নি।
পিপিপি'র মুখপাত্র বলেন, দলীয় প্রধান নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যাতে কোনো সন্দেহ না থাকে সেজন্য বেনজিরের উইল প্রকাশ করা হচ্ছে।
উইলে বেনজির বলেছেন, "পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত। মৌলবাদ, স্বৈরতন্ত্র, দারিদ্র ও অজ্ঞতার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।"
পাকিস্তান টেলিভিশনে প্রচারিত উইলের কপি অনুসারে বেনজির এই উইল লেখেন, আট বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে দেশে ফেরার দুই দিন আগে গত ১৬ অক্টোবর। এক পৃষ্ঠার উইলটি বেনজিরের নিজের হাতে লেখা।
এতে তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন একইসঙ্গে ইসলামী জঙ্গি ও তার বিরোধীদের কাছ থেকে তিনি যে হুমকি পেয়েছেন তাও জানিয়েছেন।
বেনজিরের মৃত্যুর পর তার স্বামী আফিস আলী জারদারি ও ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি যুগ্মভাবে দলের চেয়ারম্যান নিযুক্ত হন।
বেনজির তার উইলে জানিয়েছেন, তার অবর্তমানে জারদারির হাতেই দলের নেতৃত্ব দেওয়া উচিৎ।
তিনি লিখেছেন, "আমি চাই আমার স্বামী আফিস আলী জারদারি অর্ন্তবর্তীকালে দলের নেতৃত্ব দিবেন। এরপর তিনি এবং আপনারা মিলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।"
তিনি আরও লিখেছেন, আমি এমনটা চাইছি তার কারণ জারদারি সাহসী মানুষ। তিনি সাড়ে এগার বছর কারাগারে কাটিয়েছেন। এ সময় বহু অত্যাচার সত্ত্বেও তিনি নতি স্বীকার করেননি। আমাদের দলকে ঐক্যবদ্ধ রাখার মত রাজনৈতিক প্রজ্ঞা তার আছে।"
টেলিভিশনে প্রচারিত উইলটি বেনজিরের নিজের উইল বলে নিশ্চিত করেছেন পিপিপির মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর। তিনি জানিয়েছেন, বেনজিরের মৃত্যুর পরপরই তার উইল প্রকাশ করা হয়নি বলে কোনো সন্দেহ থাকতে পারে না।
বাবর বলেন, "সবাই এখন এটি দেখতে পাচ্ছে। এটি তার নিজের হাতের লেখা এবং এর ফলে দলের নেতৃত্ব নিয়ে আর কোনো সংশয় থাকতেই পারে না।"
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮২১ ঘ.
bdnews24