আরবিল, ইরাক, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তুরস্কের যুদ্ধবিমান সোমবার নতুন করে উত্তর ইরাকের তিনটি গ্রামে অন্ততপক্ষে ৭০টি কুর্দি গেরিলা ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে। তুরস্কের সেনাবাহিনী একথা জানিয়েছে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, তুর্কি সেনারা ভোররাত তিনটায় হামলা শুরু করে। তারা ঘাঁটিগুলোতে সফলভাবে হামলা চালিয়ে নিরাপদে দেশে ফিরেছে।
এর আগে ইরাকের সীমান্ত নিরাপত্তা বিষয়ক এক ঊর্ধ্বতন কর্মকর্তাও জানান, স্থানীয় সময় ভোররাত তিনটা থেকে ভোর ছয়টার মধ্যে (গ্রিনিচ সময় রোববার ২৪০০টা থেকে সোমবার ০৩০০টা) তুরস্কের পাঁচটি যুদ্ধবিমান এ বোমা হামলা চালায়। তবে এতে হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কোনো কিছু জানাতে পারেননি।
উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের নির্মূলের লক্ষ্যে তুরস্ক মাঝে মধ্যেই সীমান্ত পেরিয়ে উত্তর ইরাকের পার্বত্য এলাকাগুলোতে সেনাঅভিযান চালিয়ে আসছে।
ইরাকের ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, উত্তর ইরাক সীমান্তের ভেতরের খুনেরা, খোয়া কউর্ক ও বারকাম গ্রাম লক্ষ্য করে এ অভিযান চালিয়েছে তুরস্ক।
আঙ্কারা বলে আসছে, উত্তর ইরাকের পার্বত্য এলাকায় তিন হাজার পিকেকে গেরিলা রয়েছে এবং সেখান থেকে তারা তুরস্কে হামলা চালায়।
ওই গেরিলাদের নির্মূল করতে ইতোপূর্বেও কয়েকবার ইরাকে হামলা চালিয়েছে তুরস্ক। সোমবার তারা নতুন করে আরেক দফা হামলা চালাল।
ইরাক সীমান্ত বরাবর তুরস্ক প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে। তবে ইরাকে বড় ধরনের সামরিক অভিযান আঙ্কারা চালাবে না বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, কুর্দিদের জন্য দক্ষিণ-পূর্ব তুরস্কে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৪ সাল থেকে সংগ্রামরত পিকেকে-কে তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসাবে অভিহিত করে আসছে। আঙ্কারার অভিযোগ, পিকেকে গেরিলাদের হামলায় প্রায় ৪০ হাজার লোকের প্রাণহানি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24