আলজিয়ার্স, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল-কায়েদার পাঁচ যোদ্ধাকে হত্যা করেছে আলজেরিয়ার সেনাবাহিনী। এদের মধ্যে আল-কায়েদার মালি শাখার প্রধানও রয়েছেন। রোববার আলজেরিয়ার অন্যতম প্রধান দৈনিক 'এল খবর' একথা জানিয়েছে।
সেনাবাহিনীর এক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, শুক্রবার রাজধানী আলজিয়ার্স থেকে সাতশ' কিলোমিটার দক্ষিণের রোউর্দ ইন্নোউস নামের মরু এলাকায় ওই পাঁচজনকে হত্যা করা হয়। এছাড়া, অভিযানে আল-কায়েদার আরেক যোদ্ধাকে গ্রেপ্তারও করা হয়।
২৯ জানুয়ারি মরু এলাকাটির ওপর দিয়ে সেনাবাহিনীর কয়েকটি হেলিকপ্টার যাওয়ার সময় একদল অস্ত্রধারী সেগুলোকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। সেই থেকে একজন মেজর -জেনারেলের নেতৃত্বে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছিল।
পত্রিকাটি জানিয়েছে, তল্লাশি এখনও চলছে। হাসপাতালের কয়েকটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরও জানিয়েছে, নিহতদের মধ্যে আফ্রিকার কয়েকটি দেশের নাগরিক রয়েছে।
হাসপাতালের একটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, "তারা সম্ভবত চাদ, মালি, নাইজার এবং মৌরিতানিয়ার নাগরিক।"
তবে আল-কায়েদার ওই যোদ্ধাদের হত্যার ব্যাপারে আলজেরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৪৩ ঘ.
bdnews24