রাফাহ, গাজা উপত্যকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিচ্ছে মিসর। সীমান্তরক্ষীরা রোববার কাঁটাতার আর ধাতব ব্যারিকেড দিয়ে গাজার সীমান্ত প্রাচীরের ভেঙ্গে ফেলা অংশ মেরামত করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ইসরায়েলি অবরোধের কারণে গাজা বিদ্যুৎ ও জ্বালানিহীন হয়ে পড়ায় এবং সব ধরনের খাবার মজুদ শেষ হয়ে যাওয়ায় সেখানকার হাজার হাজার অধিবাসী রাফাহ সীমান্ত দিয়ে মিসরে ঢুকে পড়ে।
মিসর প্রথমে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করলেও গত ২৩ জানুয়ারি হামাস রাফাহ সীমান্তের কয়েকস্থানে সীমান্ত প্রাচীর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। ফলে মিসরে ঢুকে জরুরি খাদ্য, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি এবং জ্বালানি সংগ্রহ করতে সক্ষম হয় গাজার নাগরিকরা।
কিন্তু গাজা-মিসর সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে হামাস প্রধান খালেদ মেশাল কায়রোতে মিসরীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেও সংকটের কোনো স্পষ্ট সুরাহা হয়নি। হামাস মিসরের সঙ্গে একটি আপোসরফার মাধ্যমে নিজেরাই গাজা সীমান্তের নিয়ন্ত্রণে থাকতে চায়।
কিন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী ওলমার্ট এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের কেউই তা চান না। একইসঙ্গে এমন কোনো ব্যবস্থায় না যাওয়ার জন্যও মিসরকে আহ্বান জানিয়ে আসছে তারা।
এ অবস্থায় সীমান্ত পথে হাজার হাজার ফিলিস্তিনির প্রবেশ বন্ধে ব্যবস্থা নিতে মিসরের চাপের মুখে রয়েছে হামাস।
তবে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রোববার প্রাচীর মেরামতের পরও সেখানকার চেকপোস্ট দিয়ে মিসরীয় এবং ফিলিস্তিনিদের তাদের বাড়ীতে ফেরার সুযোগ দিচ্ছে সীমান্তরক্ষীরা।
ওদিকে, কায়রোতে মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে নতুন করে বৈঠকের পর শনিবার হামাস নেতা মাহমুদ আল জাহার বলেছেন, মিসরের সহায়তায় ধীরে ধীরে গাজা সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে হামাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩৩২ ঘ.
bdnews24