ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ডেমোক্র্যেট দলীয় প্রার্থী হিলারি ও ওবামার প্রচারাভিযান এখন তুঙ্গে। দুজনের জনপ্রিয়তাই প্রায় সমান সমান। ৫ ফেব্র"য়ারি 'সুপার টুয়েসডে'র দুই দিন আগে প্রকাশিত জনমত জরিপে এমনটাই দেখা যাচ্ছে। আর তাই 'সুপার টুয়েসডে'র ২৪টি অঙ্গরাজ্যের দলীয় নির্বাচনে ডেমোক্রেট দলীয় হিলারি ক্লিনটন ও বারাক ওবামা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকেই এগুচ্ছেন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, রিপাবলিকান দলীয় জন ম্যাককেইন ও মিট রমনির মধ্যেও কয়েকটি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
রোববার প্রকাশিত রয়টার্স/সি-এসপিএএস/জোগবি'র ওই জনমত জরিপে দেখা গেছে, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি ও মিসৌরি অঙ্গরাজ্যে ডেমোক্রেট দলীয় প্রার্থী নির্বাচন প্রতিযোগিতায় সাবেক ফার্স্ট লেডি ও নিউইয়র্কের সিনেটর হিলারি এবং ইলিনয়ের সিনেটর ওবামা কেউই কারো চেয়ে কম নন। দুজনের মধ্যে ব্যবধান খুব কম।
জনমত জরিপে ক্যালিফোর্নিয়ায় হিলারির চেয়ে ওবামা সামান্য এগিয়ে থাকলেও নিউ জার্সি এবং মিসৌরিতে তাদের জনসমর্থন প্রায় সমান। তবে কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থনের কারণে জর্জিয়ায় ওবামার অবস্থান বেশ শক্তিশালী। এ অঙ্গরাজ্যের জনমত জরিপে হিলারির চেয়ে ২০ শতাংশ বেশি সমর্থন দেখা গেছে ওবামার।
এভাবে বিভিন্ন জায়গায় দুই প্রার্থীরই ভিত শক্তিশালী হয়েছে। হিলারি সমর্থন পাচ্ছেন নারী, হিসপ্যানিক এবং বয়স্ক ভোটারদের। আর ওবামা সমর্থন পাচ্ছেন কৃষ্ণাঙ্গ, তরুণ ও অন্যান্য ভোটারদের। জনসমর্থনের দিক দিয়ে দুজনের ব্যবধান কম হওয়াতেই তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
অন্যদিকে, রিপাবলিকানদের প্রতিযোগিতায় আরিজোনার সিনেটর জন ম্যাককেইন নিউইয়র্ক, নিউ জার্সি ও মিসৌরি অঙ্গরাজ্যের জনমত জরিপে মাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনির চেয়ে ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে ক্যালিফোর্নিয়ার জনমত জরিপে রমনির চেয়ে কিছুটা পিছিয়ে আছেন ম্যাককেইন।
বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি এবং মিসৌরি অঙ্গরাজ্যে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সমর্থকদের ওপর এ জরিপ চালায় রয়টার্স/সি-এসপিএএস/জোগবি। এ সময়ে তারা নিউইয়র্কে রিপাবলিকান এবং জর্জিয়ায় ডেমোক্রেট সমর্থকদের ওপরও জরিপ চালায়।
রয়টার্স জানিয়েছে, 'সুপার টুয়েসডে'র আগের দিন সোমবার পর্যন্ত এ জরিপ চালবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৩২১ ঘ.
bdnews24