২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৭২ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। একইদিনে অন্য আরেকটি পোষা প্রাণীর বাজারে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে আরও ২৭ জন। দুটি ঘটনায় আহত হয়েছে প্রায় শতাধিক লোক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

বাগদাদ, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। একইদিনে অন্য আরেকটি পোষা প্রাণীর বাজারে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে আরও ২৭ জন। দুটি ঘটনায় আহত হয়েছে প্রায় শতাধিক লোক। এর আগে প্রাথমিক খবরে পুলিশ একটি জনপ্রিয় পোষা প্রাণীর বাজারে 'পাখির বাক্সে' লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে শুক্রবার কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। পরে জানা গেছে, এক নারী আত্মঘাতী বোমা হামলাকারী একটি পাখির দোকানের পাশে দাঁড়িয়ে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে নিহত হয় ৪৫ জন। রাজধানীর বিভিন্ন বাজার কিংবা জনসমাগমের স্থানে বেসামরিক মানুষকে হামলার লক্ষ্যবস্তু বানানোর সর্বশেষ ঘটনা ঘাজিল পোষা প্রাণীর বাজারে এ হামলা। গত বছর আরও তিনবার ওই বাজারটিতে এ ধরনের হামলা চালানো হয়েছিল। পুলিশ একথা জানিয়েছে। পোষা প্রাণীর বাজার দুটিতে বিস্ফোরণে আহতদের সরিয়ে নেওয়া এবং নিহতদের লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ এবং উদ্ধারকারীরা। জনাকীর্ণ রাস্তাঘাট এবং বাজারের ভীড় ঠেলে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে অ্যাম্বুলেন্স এবং দমকল কর্মীরা। ঘাজিল পোষা প্রাণীর বাজারের এ হামলাকে বাগদাদে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ বলে উল্লেখ করেছেন প্রত্যক্ষদর্শীরা। বাগদাদের অধিবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এ বাজারটি শুধুমাত্র শুক্রবারেই বসে। ইরাকজুড়ে এ ধরনের সহিংসতার ঘটনা অনেক কমে আসলেও অনেকটাই সুরক্ষিত রাজধানী বাগদাদে এই হামলাকে এখনও সেখানে চরমপন্থীদের সক্রিয় থাকার প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকারি সূত্রের হিসেব মতে এ বছরের জানুয়ারিতে ইরাক জুড়ে বিভিন্ন সহিংসতায় নিহত হয়েছেন মোট ৪৬৬ জন। ২০০৭ সালের জানুয়ারিতে ইরাকে এ ধরনের সহিংসতায় নিহতের সংখ্যা ছিল মোট ১,৯৭১ জন। গত বছরের তুলনায় এ জানুয়ারিতে নিহতের সংখ্যা প্রায় ৭৬ ভাগ কম। আর গত বছরের ডিসেম্বরে নিহতের সংখ্যা ছিল ৪৮১ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৫২ ঘ.