গাজা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চারদিন ধরে ইসরায়েলি যুদ্ধ বিমানের মুহুর্মুহু ভারী বোমা বর্ষণের পর ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত গাজা এখন আপাতত শান্ত। তবে হামলা বন্ধ হয়নি পুরোপুরি। বুধবার সকালেও ইসরায়েল দুটি বিমান হামলা চালিয়েছে গাজায়।
গত ২৭ ডিসেম্বর গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের চারদিনের লাগাতার হামলায় কমপক্ষে ৩৮৪ জন নিহত এবং ৮০০ শ'রও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসা কর্মকর্তারা।
অন্যদিকে, হামাসের রকেট হামলায় নিহত হয়েছে ৪ ইসরায়েলি। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ৬০ বছরের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে এটাই সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনি নিহতের ঘটনা।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার দুটি বিমান হামলা চালানো হয়েছে গাজায়। এর মধ্যে একটি হামলা চালানো হয়েছে গাজা-মিসর সীমান্ত এলাকায় একটি টানেলে। এ টানেলটি চোরাকারবারীরা ব্যবহার করত বলে দাবি করেছেন ওই মুখপাত্র। অপর বিমান হামলাটি চালানো হয়েছে গাজার সরকারি দপ্তরে। তবে কোনো হামলাতেই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, গাজার এ হামলা কয়েক ধাপের পরিকল্পনার প্রথম ধাপ মাত্র। ইসরায়েলি গণমাধ্যম একথা জানিয়েছে।
ওদিকে, ইসরায়েলি মন্ত্রিসভা আরও ২,৫০০ ইসরায়েলি রিজার্ভ সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে। নতুন এ অনুমোদন গাজা সীমান্তবর্তী গ্যারিসনের জন্য পূর্ববর্তী ৬,৫০০ সেনার সঙ্গে যোগ হল।
ইসরায়েল এমন এক সময়ে গাজায় এ হামলা শুরু করল যার ছয় সপ্তাহ পর আগামী ১০ই ফ্রেব্র"য়ারি ইসরায়েলে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জনমত জরিপে দেখা যাচ্ছে যে, ডানপন্থী বিরোধী দল লিকুদ পার্টি ওই নির্বাচনে জয়লাভ করতে পারে। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতাসীন কাদিমা দলের বিজয় অর্জনের জন্য নির্বাচনকে প্রভাবিত করতে এ হামলা শুরুর পেছনে ভূমিকা রেখে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪০০ ঘ.
bdnews24