ব্যাংকক, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের নতুন সরকারের বিরোধিরা রোববার থেকে নতুন করে নির্বাচনের দাবিতে বিক্ষোভ শুরু করায় বিলম্বিত হচ্ছে পার্লামেন্টে প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভার উদ্বোধনী ভাষণ। সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার শ' শ' সমর্থক সোমবার পার্লামেন্ট ঘেরাও করে রাখায় অভিসিতের ভাষণ পিছিয়ে দেওয়া হয়েছে বিকাল ৫ টায়।
এই সময়ের মধ্যে বিক্ষোভ না থামলে ভাষণ আরও পিছিয়ে মঙ্গলবার সকালে গড়াতে পারে। থাইল্যান্ডের জাতীয় টেলিভিশনে পার্লামেন্টের স্পিকার চাই চিদচব একথা বলেছেন।
নতুন প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভা পার্লামেন্টে প্রথম বক্তৃতা দেওয়ার আগেরদিন বিরোধিরা নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছে। তারা অভিসিতের প্রধানমন্ত্রীত্বের বিরোধিতা করে তার পদত্যাগ দাবি করেছে।
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার হাজার হাজার সমর্থক রোববার গ্রান্ড প্যালেসের কাছে জড়ো হয়। তবে তাদের দৃষ্টি ছিল পার্লামেন্টের দিকে। দুই সপ্তাহ আগে ডেমোক্র্যাট পার্টি নেতা অভিসিৎকে প্রধানমন্ত্রী নির্বাচন করে পার্লামেন্ট।
এর আগে ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সিনাওয়াত্রা।
'ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স এগেইনস্ট ডিকটেটরশিপ' (ডিএএডি) এর নেতা জাতুপর্ন প্রমপান সোমবার পার্লমেন্ট ঘেরাও কর্মসূচি পালনের কথা জানান। তিনি বলেন, "আমাদের উদ্দেশ্য পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিতে প্রধানমন্ত্রী অভিসিতের ওপর চাপ সৃষ্টি করা।"
বিক্ষোভের মুখেও প্রধানমন্ত্রীর ভাষণের ব্যবস্থা করতে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন গণমাধ্যমের সঙ্গে সংযোগ রক্ষার দায়িত্বে নিয়োজিত থাই মন্ত্রী সাতিত ওংনংতিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৪ ঘ.
bdnews24