২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন্স' খ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হান্টিংটন মারা গেছেন

পশ্চিম এবং মুসলিম বিশ্বের মধ্যে সংঘাত অনিবার্য - এমন তত্ত্ব সম্বলিত বহুল আলোচিত-সমালোচিত গ্রন্থ 'দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন্স' এর লেখক রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল পি. হান্টিংটন বুধবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। হার্ভার্ড ইউনিভার্সিটি শনিবার একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2008, 06:16 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

বোস্টন, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পশ্চিম এবং মুসলিম বিশ্বের মধ্যে সংঘাত অনিবার্য - এমন তত্ত্ব সম্বলিত বহুল আলোচিত-সমালোচিত গ্রন্থ 'দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন্স' এর লেখক রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল পি. হান্টিংটন বুধবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। হার্ভার্ড ইউনিভার্সিটি শনিবার একথা জানিয়েছে। (আরও তথ্যসহ) বিখ্যাত এই রাষ্ট্রবিজ্ঞানী ৫৮ বছর ধরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। ২০০৭ সালে তিনি পেশাগত দায়িত্ব থেকে অবসর নেন। হার্ভার্ডের ওয়েবসাইটে জানানো হয়েছে, গত বুধবার ম্যাচাসুসেটস এর মার্থা'স ভাইনইয়ার্ডের একটি নার্সিং হোমে তিনি মারা যান। ১৯৯৬ সালে তার বিতর্কিত বই "দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন্স এন্ড দ্যা রিমেকিং অফ ওয়ার্ল্ড অর্ডার" এর মাধ্যমে দুনিয়াজোড়া পরিচিতি লাভ করেন তিনি। ১৯৯৩ সালে 'ফরেন অ্যাফেয়ার্স' ম্যাগাজিনে ছাপা হওয়া তার একটি প্রবন্ধের বর্ধিত ও পূর্ণাঙ্গ রূপ হিসেবে বইটি প্রকাশ করেন তিনি। এ বইিটিতে হান্টিংটন মূলত বিশ্বকে কয়েকটি প্রতিদ্বন্দ্বী সভ্যতায় বিভক্ত করে দেখিয়েছেন, যেসব সভ্যতা প্রধানত খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দুত্ব ও কনফুসীয় মতবাদ এর মতো ধর্মীয় ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তার মতে প্রতিদ্বন্দ্বী এ সভ্যতাগুলোর মধ্যে সংঘাত অনিবার্য। সংঘাতের উৎস হিসেবে রাজনৈতিক মতাদর্শের পরিবর্তে ধর্মের ওপর জোর দিয়ে তার এই তত্ত্বের কারণে স্নায়ুযুদ্ধোত্তর সময়ে পশ্চিমা ও মুসলিম বিশ্বের সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক বিতর্কের ঝড় বইতে শুরু করে। বিশেষত, যুক্তরাষ্ট্রে ১১ই সেপ্টম্বরের হামলা এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহে এ বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা ভিন্নরকম মাত্রা পায়। "সভ্যতার সংঘাত" তত্ত্ব নিয়ে ব্যাপক সমালোচনা সত্ত্বেও হান্টিংটন ২০০৭ সালে 'ইসলামিকা' ম্যাগাজিনকে বলেন, আমার বিবেচনা হল সাংস্কৃতিক সত্ত্বা, প্রতিপক্ষসুলভ বৈরিতা এবং সম্পর্ক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে কেবল 'ভূমিকা' রাখবে বিষয়টি সেরকম নয়, বরং এগুলোই 'মুখ্য ভূমিকা' রাখবে। হান্টিংটনের ২০০৪ সালের বই 'হু আর উই' যুক্তরাষ্ট্রের জাতীয় পরিচয় প্রশ্নে উত্তপ্ত বিতর্কের জন্ম দেয়। ওই বইয়ে হান্টিংটন বলেছেন, বানের জলের মতো মেক্সিকান অভিবাসীদের প্রবেশের কারণে একদিন যুক্তরাষ্ট্রের জাতীয় পরিচয় হুমকির মধ্যে পড়বে। তার মৃত্যু প্রসঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার সহকর্মী এবং বন্ধু প্রফেসর এমিরিটাস হেনরি রসোভস্কি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লিখেছেন, "বিশ্বজুড়ে মানুষ তার তত্ত্বগুলো পড়েছে এবং বিতর্ক করেছে।" তিনি বলেন, "আমি বিশ্বাস করি তিনি ছিলেন গত ৫০ বছরে সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রবিজ্ঞানীদের অন্যতম।" হান্টিংটন একক ও যৌথভাবে লিখেছেন কিংবা সম্পাদনা করেছেন এমন বইয়ের সংখ্যা মোট ১৭টি। ১৯৭৭ এবং ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিমি কার্টারের অধীনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। হান্টিংটন বিবাহিত ছিলেন। তার স্ত্রী এবং দুই ছেলে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৪০ ঘ.