বাগদাদ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদের একটি বাস স্টেশনে শনিবার একটি গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত এবং আরও ৫৪ জন আহত হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
বাগদাদে নিরাপত্তা অভিযানের মুখপাত্র মেজর জেনারেল কাশিম মৌসাওয়ি জানিয়েছেন, বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিয়া অধ্যুষিত খাদিমিয়া জেলায় এই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সেখানা একটি শিয়া মসজিদে জড়ো হয়েছিল অনেক মানুষ।
ইরাকে মার্কিন বাহিনী জানিয়েছে, ঠিক দুপুরের পরেই এই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশু আছে বলে জানিয়েছে পুলিশ।
ইরাকে গত এক বছরে সহিংস ঘটনা অনেক কমেছে। তবে গাড়িবোমা হামলা, আততায়ী হামলা এবং অন্যান্য ধরণের হামলায় মাঝে মধ্যেই কেপে উঠছে বাগদাদ এবং দেশের অন্যান্য অংশ।
গত ১৭ ডিসেম্বর মধ্য বাগদাদে একটি বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৪৫ ঘ.
bdnews24