২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানে সেনাদের ছুটি বাতিল

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে চির বৈরি দেশ ভারতের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় সেনাদের ছুটি বাতিল করেছে পাকিস্তান। ছুটিতে থাকা সেনাদেরও দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক সেনা কর্মকর্তা শুক্রবার এ খবর জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 12:22 PM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে চির বৈরি দেশ ভারতের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় সেনাদের ছুটি বাতিল করেছে পাকিস্তান। ছুটিতে থাকা সেনাদেরও দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক সেনা কর্মকর্তা শুক্রবার এ খবর জানিয়েছেন। গত মাসে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে দুটি পাঁচতারকা হোটেলসহ কয়েকটি স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে বেশ কয়েকজন বিদেশিসহ কমপক্ষে ১৭৯ জন নিহত হয়। এরপর থেকে পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। বন্ধ রয়েছে দু'দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়াও। নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানি সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, "বর্তমান পরিস্থিতির কারণে সবার ছুটি বাতিল করা হয়েছে। সেনা সদস্যদের সবাইকে দায়িত্বে থাকার কথা জানাতে বলা হয়েছে।" এ বিষয়ে সেনাবাহিনীর মুখপাত্রের মন্তব্য জানা যায়নি। তবে কয়েকজন সেনা সদস্য বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যারা ছুটিতে আছে তাদেরকে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের সরকারি কর্মকর্তা হাজি মনসুর পরিস্থিতির অবনতি হয়েছে উল্লেখ করে বলেন, "আমরা যে কোনও ঘটনা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি।" মুম্বাই হামলার জন্য পাকিস্তান-ভিত্তিক জঙ্গি গ্র"প লস্কর-ই-তৈয়্যবা দায়ী বলে অভিযোগ করেছে ভারত। হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে পাকিস্তান সরকার হামলা তদন্তে ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তারা জোর দিয়ে এও জানিয়েছে, পাকিস্তানের কেউ জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ভারতকে দেওয়া সহযোগিতা প্রস্তাবে সরকারকে সমর্থন জানিয়ে পাক পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে গত বুধবার সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাবনা পাস হয়েছে। একইসঙ্গে উত্তেজনা প্রশমনে ইসলামাবাদের চেষ্টায় সহযোগিতা করতে ওই প্রস্তাব গ্রহণের জন্য নয়া দিল্লির প্রতি আহ্বানও জানানো হয়েছে প্রস্তাবনায়। ওদিকে ভারত 'যুদ্ধ বাতিক' বাদ দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানকে আহ্বান জানিয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "বিষয় যুদ্ধ নয়, বিষয় হচ্ছে পাকিস্তানের সন্ত্রাসীদের সন্ত্রাসকে সহায়তা এবং সহযোগিতা করা।" তিনি আরও বলেন, "কেউই যুদ্ধ চায় না।" এর আগে গত সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি হুঁশিয়ার করে বলেছেন, পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশকে রক্ষা করতে সমর্থ এবং যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে জনগণও তা ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করবে। তবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী বলেছেন, যুদ্ধ বা একে অন্যের প্রতি অঙ্গুলি নির্দেশ করে দোষারোপ করার পরিবর্তে পাকিস্তানের উচিৎ প্রকৃত বিষয়টিতে নজর দেওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮০০ ঘ.