জেরুজালেম, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি বৃহস্পতিবার ইসরায়েল-গাজা সীমান্তে ক্রমবর্ধমান সহিংসতা এবং নতুন করে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে মিসরের রাজধানী কায়রো গেছেন। মিসরের মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গত সপ্তাহে।
যুদ্ধবিরতি অবসানের পরপরই হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে ৮০ টিরও বেশি ফিলিস্তিনি রকেট হামলা হয়েছে এবং এর পাল্টা জবাবে ইসরায়েলি বিমান হামলায় এক হামাস গেরিলা নিহত হয়েছে। এ ঘটনার একদিন পর লিভনি মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের সঙ্গে আলোচনায় বসলেন।
ইসরায়েলের মন্ত্রীসভার মন্ত্রী মেইর শিট্রিট ইসরায়েলি বেতারে বলেছেন, "ইসরায়েলের দক্ষিণে ফিলিস্তিনিদের রকেট নিক্ষেপ ইসরায়েল সহ্য করবে না একথাই লিভনি মিসর সফরকালে মুবারককে বলবেন।"
লিভনি বুধবার বলেছিলেন, ইসরায়েল গাজা পরিস্থিতির বাস্তবতা বদলে দেবে।
মিসরের উদ্যোগে ইসরায়েল এবং হামাসের মধ্যকার ছয়মাস মেয়াদী যুদ্ধবিরতি গত সপ্তাহে সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়। ইসরায়েল গাজা থেকে অবরোধ তুলে নিলে ইসরায়েলে রকেট নিক্ষেপ বন্ধে রাজি থাকার কথা জানিয়েছে হামাস। ফিলিস্তিনি গেরিলা দল হামাস ২০০৭ সালে গাজা দখল করার পর থেকে ইসরায়েল সেখানে অবরোধ কঠোর করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৯ ঘ.
bdnews24