২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তানকে একযোগে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের

ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নিরসনের চেষ্টায় দু'দেশকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা মাইক মুলেন। তিনি মুম্বাই হামলাকে ভারতের সঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ হিসাবে কাজে লাগানোর জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 07:55 AM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নিরসনের চেষ্টায় দু'দেশকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা মাইক মুলেন। তিনি মুম্বাই হামলাকে ভারতের সঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ হিসাবে কাজে লাগানোর জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানান। ভারত এবং যুক্তরাষ্ট্র মুম্বাই হামলার জন্য পাকিস্তানের জঙ্গি দল লস্কর-ই-তৈয়্যবাকে দায়ী করেছে। এতে করে বৈরি প্রতিবেশী দু'দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফস অব স্টাফ চেয়ারম্যান এডমিরাল মাইক মুলেন সোমবার পাকিস্তানে পৌঁছেন। গত মাসে মুম্বাই হামলার পর পাকিস্তানে এটি তার দ্বিতীয় সফর। সফরকালে তিনি সেনাপ্রধান আশফাক কায়ানি এবং সেনা গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশার সঙ্গে দেখা করেন। পাকিস্তানের মার্কিন দূতাবাস মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, "মর্মান্তিক মুম্বাই হামলাকে ভারতের সঙ্গে আরও ফলপ্রসূ সম্পর্ক গড়ার সুযোগ হিসাবে নিয়ে দু'দেশ একযোগে উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ের পথ খুঁজতে মুলেন পাকিস্তানি নেতাদের উৎসাহিত করেন।" এতে আরও বলা হয়, "লস্কর-ই-তৈয়্যবা ও অন্যান্য চরমপন্থী দলের সদস্যদের ধরপাকড়ে পাকিস্তান সরকারের চেষ্টার জন্য মুলেন বৈঠককালে কায়ানি এবং সুজা দুনকেই ধন্যবাদ জানান।" পাকিস্তান ইতোমধ্যেই শীর্ষ কয়েকজন জঙ্গি নেতাসহ বেশকিছু জঙ্গিকে আটক করেছে। বন্ধ করে দিয়েছে লস্কর-ই-তৈয়্যবা সংশ্লিষ্ট দল জামাত উদ দাওয়া ও হামলায় জড়িত অন্যান্য জঙ্গি দলগুলোর কার্যালয়। বাজেয়াপ্ত করেছে তাদের সম্পত্তি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৪৮ ঘ.