বাগদাদ, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়ে মারা ইরাকি সাংবাদিকের বিচার ৩১ ডিসেম্বর। আদালতের এক কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।
ইরাকের উচ্চ বিচারিক আদালতের মুখপাত্র আব্দুল সাত্তার বীরকাদের বলেছেন, "ইরাক সফররত বিদেশি রাষ্ট্রপ্রধানকে অপমান করার দায়ে টিভি সাংবাদিক মুনতাজের আল-জায়িদি অভিযুক্ত হয়েছেন। অপরাধ আদালত এ অভিযোগে মুনতাজেরের বিচারের দিন ধার্য করেছে ৩১ ডিসেম্বর। ৩ বিচারক বিশিষ্ট প্যানেল তার শুনানি অনুষ্ঠান করবে।"
তিনি বলেন, "মামলাটি খুব জটিল নয় এবং এর রায় হতে খুব বেশি সময় লাগবে বলেও আমি মনে করি না। অপরাধের শাস্তি নির্ধারণ করবে আদালত।"
গত সপ্তাহে ইরাক সফরে গিয়ে বাগদাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বুশ। এ সময় তাকে লক্ষ্য করে মুনতাজের জুতা ছুড়ে মারেন এবং কুকুর বলে গালি দেন। পরে উচ্চ বিচারিক আদালতে মুনতাজের তার কৃতকর্মের কথা স্বীকারও করেন। বীরকাদের জানান, এ ধরনের অপরাধে তার ১৫ বছরের জেল হতে পারে।
এর আগে মুনতাজেরের ভাই অভিযোগ করেন, নিরাপত্তাকর্মীরা মুনতাজেরকে পিটিয়ে গুরুতর আহত করেছে।
মুনতাজেরের ভাই মাইথাম আল-জায়িদি জানান, আটকাবস্থায় তার ভাইকে নিরাপত্তাকর্মীরা রাইফেলের বাট দিয়ে পিটিয়েছে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। তার একটি হাত ও পাঁজর ভেঙে গেছে। এছাড়া তিনি চোখেও আঘাত পেয়েছেন।
বুশকে জুতা ছুড়ে মারার ঘটনায় ইরাকের স্বল্প পরিচিত এই সাংবাদিক হঠাৎ করে সব জায়গায় আলোচনায় উঠে আসেন। বলা হয়, ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে হাজার হাজার ইরাকির মৃত্যুতে মুনতাজের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বুশকে জুতা মেরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২৭ ঘ.
bdnews24