২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খামার দখল নীতি পাল্টাতে দেবেন না মুগাবে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বলেছেন, তিনি ঐক্য-সরকারকে কোনো অবস্থাতেই শ্বেতাঙ্গ-মালিকানাধীন কৃষি-খামার দখল করে কৃষ্ণাঙ্গদের দেওয়ার নীতি পাল্টাতে দেবেন না। আর ইতোমধ্যে বিতরণ করা জমিও শ্বেতাঙ্গদের ফিরিয়ে দেবেন না। শনিবার মুগাবে তার এ অটল অবস্থান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 08:32 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

বিন্দুরা, জিম্বাবুয়ে, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বলেছেন, তিনি ঐক্য-সরকারকে কোনো অবস্থাতেই শ্বেতাঙ্গ-মালিকানাধীন কৃষি-খামার দখল করে কৃষ্ণাঙ্গদের দেওয়ার নীতি পাল্টাতে দেবেন না। আর ইতোমধ্যে বিতরণ করা জমিও শ্বেতাঙ্গদের ফিরিয়ে দেবেন না। শনিবার মুগাবে তার এ অটল অবস্থান জানান। শনিবার জানু-পিএফ পার্টির বার্ষিক সম্মেলনে ভাষণদানকালে মুগাবে আশা প্রকাশ করেন যে, বিরোধী দল দেশে নতুন একটি ঐক্য-সরকার গঠনে একমত হবে। কিন্তু একইসঙ্গে তিনি জানান যে, ভূমিনীতিসহ এ ধরনের নীতির বিষয়ে কোনো আপোস করবেন না তিনি। রাজধানী হারারের ৮০ কিলোমিটার উত্তরে নিজ শহরে প্রায় ৬,০০০ দলীয় সমর্থকের উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা এমন কোনো ঐক্য-সরকার চাই না যারা দেশকে পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাবে।" তিনি বলেন, "সবচেয়ে বড় ইস্যুটি হল জমির...জমি ইতিমধ্যেই মানুষদের দিয়ে দেওয়া হয়েছে। এগুলো আর শ্বেতাঙ্গদের ফিরিয়ে দেওয়া হবে না।" জিম্বাবুয়েতে একটি বিতর্কিত নির্বাচনের পর প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এবং বিরোধী দলীয় নেতা মরগান স্যাঙ্গেরাই প্রায় তিন মাস আগে একটি ঐক্য-সরকার গঠনের বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর ওপর নিয়ন্ত্রণ প্রশ্নে সমঝোতা না হওয়ায় এখনও সরকার গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। একসময়ের ব্রিটিশ উপনিবেশ বিরোধী বিদ্রোহী নেতা রবার্ট মুগাবে দেশটির ক্ষমতায় আসার পর শ্বেতাঙ্গদের দখলে থাকা সব ছোট-বড় কৃষিখামার রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে নেন এবং স্থানীয় কৃষ্ণাঙ্গদের মধ্যে সেসব বন্টন করে দেন। বিরোধী নেতা স্যাঙ্গেরাইয়ের সঙ্গে গত ১৫ সেপ্টেম্বরের সমঝোতা চুক্তিতে খামারগুলো শ্বেতাঙ্গদের কাছে ফেরৎ না দেওয়া নিয়ে ঐকমত্য হলেও খামারগুলো কৃষ্ণাঙ্গদের মাঝে পুনর্বন্টন করার কথা বলা হয়েছে। বলা হয়েছে যে, সত্যিকারের কৃষক এবং চাষাবাদের সামর্থ্য এবং সম্পদ রয়েছে এমন কৃষ্ণাঙ্গদের মধ্যেই তা বন্টন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪০০ ঘ.