নয়াদিল্লি, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সন্ত্রাসী হামলার আশঙ্কায় ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র গোয়া সমুদ্র সৈকতে বড়দিন ও নববর্ষের উৎসব নিষিদ্ধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর আরও হামলার আশঙ্কা থাকায় পূর্বসতর্কতা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গোয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল কিষাণ কুমার শরিবার রয়টার্সকে জানান, "২৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত গোয়ার যে কোনো সৈকতের উন্মুক্ত স্থানে সব ধরনের উৎসব আয়োজন নিষিদ্ধ করা হয়েছে।"
টেলিফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও জানান, "অবশ্যই নিরাপত্তা হুমকি রয়েছে, তবে এ বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।"
মুম্বাইয়ে গত মাসের সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৭৯ জন নিহত হন। ওই হামলার পর ভারতজুড়ে নিরাপত্তা কড়াকড়ি আরোপ করা হয়। বিশেষত মুম্বাইয়ের ঘটনায় সন্ত্রাসীরা সমুদ্রপথে এসে হামলা চালানোয় সমস্ত উপকূলীয় এলাকায় বিশেষ নিরাপত্তা নজরদারি গ্রহণ করা হয়েছে।
রাত-ভর পশ্চিমা ধাঁচের বিচ-পার্টির জন্য বিখ্যাত গোয়া সৈকতে প্রতি মাসেই ভিড় করে হাজার হাজার দেশী-বিদেশী পর্যটক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩১৫ ঘ.
bdnews24