২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোপালের মৃত্যুপুরীতে কয়েকঘণ্টা

২৪ বছর আগে ভারতের ভোপালে কীটনাশক তৈরির কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে মারা গিয়েছিল ৮ হাজারেরও বেশি মানুষ। রয়টার্সের সাংবাদিক অ্যালিসটেয়ার স্ক্রুটন স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 12:37 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ভোপাল, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- প্রথমে নাকে লাগল অম্লজাতীয় ঝাঁঝালো গন্ধ, তারপর গলায় ভেতরে অস্বস্তি; আগুনে পুড়ে যাওয়া কোথায় প্রবেশ করলে যেমন লাগে তেমন। আমি হাঁটছি ভোপালে। বিশ্বের ভয়ঙ্করতম শিল্পদুর্ঘটনার স্থানটিতে। ২৪ বছর আগে এখানে যুক্তরাষ্ট্রের ইউনিয়ন কার্বাইডের কীটনাশক তৈরির কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে মারা গিয়েছিল ৮ হাজারেরও বেশি মানুষ। কারখানা থেকে বাইরের দিকে ছড়িয়ে থাকা একটি নিরীহ পাইপের ওপর চোখ পড়ল। কিন্তু ১৯৮৪ সালে ৩ ডিসেম্বর এই পাইপই মারণাস্ত্রের নলের মতো উগরে দিয়েছিল বিষাক্ত গ্যাস । পাইপটির পাশে-পাশে হেঁটে পৌঁছে গেলাম কারখানার কাছে। হাতে আমার সরকারের অনুমতিপত্র, তাই বাধাহীন চলাচল। সঙ্গে একজন পুলিশও আছেন, আর আছেন সঞ্জয়, আমার পথনির্দেশক। কারখানার একটি ভবনের প্রান্তে মরচে পরা একটি ট্যাংকের পাশে হঠাৎ তিক্ত গন্ধ নাকে লাগলে পুলিশ সদস্যটি আমাকে আস্বস্ত করার জন্য বলল, "এটা বেনজিনের মতো গন্ধ।" ওই ভয়াবহ ঘটনায় বেঁচে যাওয়াদের কয়েকজন আমাকে পরে বলেছেন, সেই রাতে হঠাৎ এরকম গন্ধই তাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে। তাদের দমবদ্ধ হয়ে যেতে থাকে, অন্ধ হয়ে যান তারা। নিকষ অন্ধকারে চিৎকার-আর্তনাদ করে দিগবিদিক ছোটাছুটি করতে করতে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়েন কারখানার আশপাশের বস্তিঘরগুলোর বাসিন্দারা। বিশেষজ্ঞরা আমাকে বলেন, তখন সেভিন নামে একটি কীটনাশক তৈরি হচ্ছিল কারখানাটিতে। সেই সেভিনেমিশ্রিত রাসায়নিকের গন্ধ হয়ে থাকতে পারে এটি। হাজার হাজার মানুষের মৃত্যু, পঙ্গুত্ব, অসুস্থতা, অসহায়ত্বের দায়ভার ও ক্ষতিপুরণ নিয়ে ইউনিয়ন কার্বাইডের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই, ভারতের আমলাতন্ত্রের নিষ্ক্রিয়তা ও কর্পোরেট সংস্কৃতির দোষ চালাচলি যতই চলতে থাকুক; ওই রাতে শিশু-নারী-পুরুষের আর্তনাদ আর হাহাকার এখনো বয়ে বেড়াচ্ছে এই গন্ধ। সেই রাতে সেভিন তৈরির জন্য রাখা অন্যকয়েকটি রাসায়নিক দুর্ঘটনাক্রমে পানির সংস্পর্শে এলে শুরু হয় মিথষ্ক্রিয়া। ভোপালের প্রায় ৫০ লাখ মানুষ আক্রান্ত হয় তীব্র বিষক্রিয়ায়। মরচে আর মাকড়শার জালে জড়িয়ে থাকা ছাড়া ১৯৮৪ সালের মতোই অবিকল আছে কারখানাটি। প্রায় ৩০০ টন বর্জ্যভর্তি অসংখ্য ড্রাম মাত্র তিন বছর আগে একটি গোডাউনে স্থানান্তর করা হয়েছে। সেই রাতের সাক্ষী হয়ে বেঁচে আমার গাইড সঞ্জয়। কারখানার ওই বিষাক্ত গ্যাস কেড়ে নিয়েছে বাবা-মাসহ তার পাঁচ ভাইকে। তখন সে ছিল ৬ মাসের শিশু। তারপর প্রতিকূলতাগুলো ডিঙিয়ে সঞ্জয় এখন ব্যবসা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদন করছে। "প্রথম প্রথম এখানে এলে খুব ভয় পেতাম।" দুটি ভবনের মাঝের ধুলিজমা রাস্তায় হাঁটতে হাঁটতে সঞ্জয় বলে। "এই কারখানাই আমার বাবা-মাসহ হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে। এখন আর আমার কিছু মনে হয় না। আমি অভ্যস্ত হয়ে গেছি।" 'এখন আর আমার কিছু মনে হয় না'- সঞ্জয়ের একথা আমি বিশ্বাস করি না। আমার সঙ্গে ঘুরেফিরেই সে তার বাবা-মার কথা, ভাই-বোনের কথা বলেছে। বাবা-মার কাছ থেকে কেমন আদর পেত, ভাইদের সঙ্গে কী কী খেলা খেলত- অলক্ষ্যে সে বার বার বলেছে না পাওয়া এই স্বপ্নের কথা। সঞ্জয়ের দুই ভাইবোনও বেঁচে গিয়েছিল ধ্বংসযজ্ঞ থেকে। বোনটির বিয়ে হয়েছে। কিন্তু ভাইটি কয়েক বছর আগে আত্মহত্যা করে। হাঁটতে হাঁটতে আমি কল্পনা করছিলাম সেই বিভীষিকাময় রাতের সঞ্জয়ের অবস্থা। ৬ মাসের শিশুটি হয়তো কাঁদছিল। বস্তির কনকনে শীতের রাতে মা হয়তো তাকে জড়িয়ে রেখেছিল কম্বল দিয়ে। এখন সঞ্জয় তুখোড় ইংরেজিতে কথা বলছে। বান্ধবীও আছে তার। আর আছে সামনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। আমরা হাঁটছিলাম বসন্তের দিনে। পাখির ডাকও শুনছি। কারখানার দেওয়ালের বাইরে থেকে শিশুদের হাসিও ভেসে এল। কিন্তু দেয়ালের ভেতরটায় ভৌতিক শূন্যতা। যেন জীবাণু অস্ত্রের আক্রমণের পর মুহূর্তে সবকিছু হঠাৎ পরিত্যক্ত। গবেষণাগারে রাসায়নিকভর্তি বোতলগুলো সেভাবেই আছে। শুধু ওপরে মাকড়শার জালের আস্তরণ। টেবিলগুলোও আছে আগের জায়গায়। নিরাপত্তার সতর্কবার্তা এখনো ঝুলছে দেয়ালে। কারখানার ছাদের নিচে চাক তৈরি করেছে মৌমাছিরা। সময় যেন থমকে আছে এখানে। তবে থমকে নেই দূষণ। পরিবেশ-আন্দোলনকারীরা বলছেন, কারখানার মাটির নিচে রয়েছে হাজার হাজার টন বর্জ্য। তা চুইয়ে মিশছে ভূগর্ভস্থ পানিতে। আর এ পানি ব্যবহারের কারণে আশেপাশের বস্তিবাসীরা ক্যান্সারসহ আক্রান্ত হচ্ছে নানা রোগে। জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু। তবে সরকারের দাবি, বহুবছর ধরে বৃষ্টিতে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে কারখানার বিষাক্ত গ্যাসের অবশেষ। ভাঙা কাচের টুকরো সাবধানে এড়িয়ে আমরা কন্ট্রোল রুমে ঢুকলাম যেখানে টেকনিশিয়ানরা দাঁড়িয়ে নিয়ন্ত্রণ করত কারখানার যন্ত্রপাতি ও উৎপাদন। বাইরে একটুকরো জমিন যেখানে ২৪ বছর পরও ঘাস গজাতে পারেনি। আমরা এসে দাঁড়ালাম সেই ট্যাংকটির পাশে যেখানে দুর্যোগ ঘটার আগমহূর্তে মজুদ করা হয়েছিল মারণ-রাসায়নিক! পরিত্যক্ত রেল ইঞ্জিনের মতো দেখাচ্ছিল সেটিকে। কারখানা চত্বর থেকে বাইরে, রেল লাইনের ধারে আবার বসতি গেড়েছে মানুষ। তারা জানালেন ফুসফুসের রোগব্যাধি, চর্মরোগ ও বিকলাঙ্গ শিশুর কথা। শিশুরা বেড়ে উঠছে না- এ অভিযোগ জানালেন মায়েরা। জমির দাম কম থাকায় ২৪ বছর আগে দূর-দূরান্ত থেকে এসে এখানে বসবাস শুরু করেছিল লোকজন। সরকার এখানের নলকূপগুলোতে লাল রঙ লাগিয়ে ব্যবহারের নিষিদ্ধ করে রেখেছে। স্থানীয়রা এর পানি খাচ্ছে না ঠিকই তবে গোছল করা থেমে নেই। শিশুরা খেলছে এই পানিতে। অসুস্থ হওয়া প্রতিরোধ করতে দীর্ঘমেয়াদি গবেষণার কাজটি এখনো করা হয়নি। ঠিক কোন উপাদানের কারণে এখনো অসুস্থ হচ্ছে লোকজন তা নিশ্চিত করে তাই বলা যাচ্ছে না। ঘটনার এত বছর পরও অসুস্থ হওয়া থেকে রক্ষা না পাওয়ায় অধীবাসীদের অনেকের মনে তাই ভুতুড়ে-বিশ্বাস দান বেধে উঠেছে। তারা বলছেন, কারখানার ভেরতে অশরীরী কিছু একটা আছে। সেটা বের হয়ে তাদের মেরে ফেলছে, শিশুদের পঙ্গু করে দিচ্ছে। কাঠমিস্ত্রি আনিস আহমেদ নওয়াব বলেন, "সন্তানদের নিয়ে আমি ভয়ে আছি। কারখানা ভেতর কে আছে আমি জানি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮১৪ ঘ.