ওয়াশিংটন, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ৩৫ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাগদাদের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা বুধবার এই প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নূরি আল মালিকির কাছে সরাসরি জবাবদিহিকারী ইরাকের সন্ত্রাসবিরোধী এলিট ফোর্স গত তিনদিনে এই গ্রেপ্তার অভিযান চালিয়েছে।
টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, প্রয়াত ইরাকি শাসক সাদ্দাম হোসেনের বাথ পার্টিকে পুনসংগঠিত করার কাজে অভিযুক্ত দল আল আওদার সঙ্গে গ্রেপ্তারকৃত কর্মকর্তাদের যোগসাজশ থাকার গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, আল-আওদার সঙ্গে জড়িতরা অন্য কর্মকর্তাদের দলে ভেড়াতে ঘুষ দিয়েছে এবং গ্রেপ্তার অভিযানে বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সমালোচকরা বলছেন, ইরাকে প্রাদেশিক নির্বাচনের এক মাস আগে এই গ্রেপ্তার অভিযানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মালিকি তার ক্ষমতা আরও সুসংহত করার চেষ্টা করছেন।
গ্রেপ্তারকৃতদের কয়েকজনকে চেনেন এমন এক পুলিশ কর্মকর্তা বলেছেন, তারা নির্দোষ। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা টাইমসকে জানান, গ্রেপ্তারকৃতরা একসময়কার বার্থ পার্টির নিম্ন পর্যায়ের সদস্য। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরাকে রাজনৈতিক ষড়যন্ত্র এবং বিভিন্ন দলের মধ্যে উত্তেজনা ছাড়াও দুর্নীতি উন্নয়নের পথে একটি বড় বাধা।
মার্কিন কর্মকর্তারা বুধবার বলেছেন, ইরাক সরকার এখনও দুর্নীতির দায়ে ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে বিচার করার অপেক্ষায় আছে। কারণ, এখানে মন্ত্রীরা প্রায়শই রাজনৈতিক মিত্রদের বিচারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১২৪৩ ঘ.
bdnews24