২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালি জলদস্যুরা আবারও চার জাহাজ ছিনতাই করেছে

জলদস্যুদের বিরুদ্ধে স্থলভাগে অভিযান চালাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বিভিন্ন দেশকে সম্মতি দেওয়ার দিনেই এডেন উপসাগরে চারটি জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 11:28 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

নাইরোবি, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলদস্যুদের বিরুদ্ধে স্থলভাগে অভিযান চালাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বিভিন্ন দেশকে সম্মতি দেওয়ার দিনেই এডেন উপসাগরে চারটি জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। কেনিয়ার একটি সামুদ্রিক সংস্থা জানিয়েছে, জলদস্যুরা মঙ্গলবার ইন্দোনেশিয়ার একটি টাগবোট, তুরস্কের একটি কার্গো জাহাজ এবং চীনের একটি মাছ ধরা জাহাজ ও ইয়েট ছিনতাই করেছে। কেনিয়াভিত্তিক 'ইস্ট আফ্রিকান সিফেয়ারারস অ্যাসিসটেন্স প্রোগাম' এর এন্ড্রু মাওয়ানগুরা বুধবার জানিয়েছেন, ৩০ জন ক্রুসহ চীনা মাছ ধরা জাহাজ ঝেনহুয়া-৪ এবং দুই আরোহীসহ অপর একটি চীনা ইয়েটকে একদিন আগে ইয়েমেন উপকূল থেকে ছিনতাই করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ফ্রান্সের তেল কোম্পানি টোটালের ভাড়া করা একটি ইন্দোনেশিয় জাহাজ এবং ইস্তাম্বুলভিত্তিক একটি শিপিং কোম্পানির মালিকানাধীন ১০০ মিটার লম্বা একটি কার্গো জাহাজ মঙ্গলবার অপহরণ করেছে জলদস্যুরা। সোমালিয়ার উপকূলে এ বছর জলসদ্যুরা অনেকগুলো জাহাজ ছিনতাই করে মুক্তিপণ হিসেবে হাতিয়ে নিয়েছে কোটি কোটি ডলার। এতে করে জাহাজের বীমা সংক্রান্ত ব্যয়ও বেড়ে গেছে এবং সাগরের ওই এলাকায় টহল দিতে নৌ-সেনা পাঠাতে বাধ্য হয়েছে অনেকগুলো দেশ। জলদস্যুদের জাহাজ ছিনতাইয়ের ভয়ে শিপিং ফার্মগুলো সুয়েজ খালের নৌপথ পরিহার করে দক্ষিণ আফ্রিকা ঘুরে জাহাজগুলো চালাতে বাধ্য হচ্ছে। এতে করে প্রয়োজনীয় সামগ্রী ও পণ্যের দামও বেড়ে যেতে পারে। জাহাজগুলো রক্ষায় অনেক দেশের নৌবাহিনী সোমালিয়া উপকূলে টহল বসালেও বিশ্লেষকরা বলছেন, জলদস্যুদের বিরুদ্ধে স্থলভাগেই ব্যবস্থা নিতে হবে এবং সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। নিরাপত্তা পরিষদে মঙ্গলবার পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে সোমালিয়ার আকাশসীমা ব্যবহারসহ যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে বিভিন্ন দেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭১৫ ঘ.