বাগদাদ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়ে মারা ইরাকি সাংবাদিক মুনতাজের আল-জায়িদিকে মঙ্গলবার উচ্চ বিচারিক আদালতে বিচারকের সামনে হাজির করা হয়েছে। সেখানে তিনি প্রেসিডেন্টের প্রতি 'আগ্রাসী' আচরণের কথা স্বীকারও করেছেন। বিচারালয়ের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
গত রোববার ইরাক সফরে গিয়ে বাগদাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বুশ। এ সময় তাকে লক্ষ্য করে মুনতাজের জুতা ছুড়ে মারেন এবং কুকুর বলে গালি দেন।
উচ্চ বিচারিক পরিষদের (হাই জুডিশিয়াল কাউন্সিল) মুখপাত্র আব্দুল সাত্তার বীরকাদের বলেছেন, "আল-জায়িদিকে তার একজন আইজীবী ও কৌসুলিসহ তদন্তকারী বিচারকের সামনে হাজির করা হয়েছে। তিনি তার কৃতকর্মের কথা স্বীকার করেছেন।"
আদালত তাকে হাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্ত শেষে তাকে ইরাকি পেনাল কোডের আওতায় বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে। বীরকাদের বলেন, এ ধরনের অপরাধে তার ১৫ বছরের জেল হতে পারে।
এর আগে মুনতাজেরের ভাই মঙ্গলবার অভিযোগ করেন, নিরাপত্তাকর্মীরা মুনতাজেরকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে । তার অভিযোগ কোনও নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।
মুনতাজেরের ভাই মাইথাম আল-জায়িদি জানান, আটকাবস্থায় তার ভাইকে নিরাপত্তাকর্মীরা রাইফেলের বাট দিয়ে পিটিয়েছে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। তার একটি হাত ও পাঁজর ভেঙে গেছে। এছাড়া তিনি চোখেও আঘাত পেয়েছেন।
তিনি বলেন, "আমরা যতটুকু জানতে পেরেছি তা হল, সোমবার তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাইফেলের বাট দিয়ে তাকে পেটানো হয়েছে। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং তার একটি হাতও ভেঙে গেছে।"
ইরাকে মার্কিন বাহিনী জানিয়েছে, মুনতাজের ইরাকি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। তবে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র তা অস্বীকার করে জানিয়েছেন, মুনাতাজেরের অবস্থা সম্পর্কে তিনি কিছু জানেন না।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়ে মেরে ইরাকের স্বল্প পরিচিত সাংবাদিকটি হঠাৎ করে সব জায়গায় আলোচনায় উঠে আসেন। বলা হয়, ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে হাজার হাজার ইরাকির মৃত্যুতে মুনতাজের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বুশকে জুতা মেরে।
মুনতাজেরের মুক্তির দাবিতে গত সোমবার বাগদাদের সদর সিটিতে মিছিল বের হয়। তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই আল-বাগদাদিয়া টেলিভিশন তার মুক্তি দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১১৫৭ ঘ.
bdnews24