বাগদাদ, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়ে মারা ইরাকি সাংবাদিক মুনতাজের আল-জায়িদিকে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে নিরাপত্তাকর্মীরা। মুনতাজেরের ভাই মঙ্গলবার এ অভিযোগ করেছেন।
গত রোববার ইরাক সফরে গিয়ে বাগদাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বুশ। এ সময় তাকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন এবং কুকুর বলে গালি দেন মুনতাজের। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়।
মুনতাজেরের ভাই মাইথাম আল-জায়িদি জানিয়েছেন, আটকাবস্থায় তার ভাইকে নিরাপত্তাকর্মীরা রাইফেলের বাট দিয়ে পিটিয়েছে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। তার একটি হাত ও পাজর ভেঙে গেছে। এছাড়া তিনি চোখেও আঘাত পেয়েছেন।
তিনি বলেন, "আমরা যতটুকু জানতে পেরেছি তা হল, সোমবার তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাইফেলের বাট দিয়ে তাকে পেটানো হয়েছে। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং তার একটি হাতও ভেঙে গেছে।"
ইরাকে মার্কিন বাহিনী জানিয়েছে, মুনতাজের ইরাকি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। তবে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র তা অস্বীকার করে জানিয়েছেন, মুনাতাজেরের অবস্থা সম্পর্কে তিনি কিছু জানেন না।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়ে মেরে ইরাকের স্বল্প পরিচিত সাংবাদিকটি হঠাৎ করে সব জায়গায় আলোচনায় উঠে এসেছেন। বলা হচ্ছে, ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে হাজার হাজার ইরাকির মৃত্যুতে মুনতাজের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বুশকে জুতা মেরে।
মুনতাজেরের মুক্তির দাবিতে গত সোমবার বাগদাদের সদর সিটিতে মিছিল বের হয়। তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই আল-বাগদাদিয়া টেলিভিশন তার মুক্তি দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৪৫ ঘ.
bdnews24