নয়াদিল্লি, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানের সশস্ত্রবাহিনীর ক্ষমতাধর গোয়েন্দাসংস্থাকে কঠোর নিয়ন্ত্রণে আনতে হবে। সংস্থাটিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়াও ঠিক হবে না। মার্কিন সিনেটর জন ক্যারি সোমবার নয়াদিল্লিতে ভারতীয় নেতাদের সঙ্গে মুম্বাইয়ে জঙ্গি হামলা নিয়ে আলোচনাকালে এ কথা বলেছেন।
মুম্বাই হামলার জন্য ভারত পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যেবাকে দায়ী করেছে। বিশ্লেষকরা বলে থাকেন, এই সংগঠনটির সঙ্গে পাকিস্তানের সশস্ত্রবাহিনীর আন্তঃগোয়েন্দা সংস্থা আইএসআই'র দীর্ঘ দিন ধরে সম্পর্ক ছিল।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক শেষে ক্যারি সাংবাদিকদের বলেন, "যুক্তরাষ্ট্রে আমাদের গোয়েন্দা সংস্থা জবাবদিহিমূলক। তারা তাদের পরিচালানাকারী সরকারের কাছেই কেবল দায়ী থাকে না, কংগ্রেসের কাছেও তাদের জবাবাদিহি করতে হয়। আর কংগ্রেস জবাবদিহি করে জনগণের কাছে।"
ডেমোক্র্যাট দলীয় সিনেটর ক্যারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার ঘনিষ্ঠ এবং ওবামা তাকে বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির প্রধান করার ঘোষণা দিয়েছেন।
ক্যারি বলেন, "পাকিস্তানের সশস্ত্রবাহিনীর গোয়েন্দা সংস্থা নিজেই নিজেই যাতে সিদ্ধান্ত নিতে না পারে কিংবা আমরা যা প্রত্যাশা করি সেই মাপকাঠি বজায় রেখে চলে তা নিশ্চিত করা খুবই জরুরি।"
ক্যারি জানান, পাকিস্তানের নেতাদের কাছে তিনি এই মনোভাব তুলে ধরবেন।
ভারত সফর শেষে তার পাকিস্তান যাওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৩২ ঘ.
bdnews24