২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদ থেকে কাবুলে বুশ, পাশে থাকার অঙ্গীকার

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে বলেছেন, হোয়াইট হাউজে ক্ষমতার পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্র তার যুদ্ধবিধ্বস্ত দেশের পাশে থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2008, 09:31 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

কাবুল, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে বলেছেন, হোয়াইট হাউজে ক্ষমতার পরিবর্তন হলেও যুক্তরাষ্ট্র তার যুদ্ধবিধ্বস্ত দেশের পাশে থাকবে। বুশ যুদ্ধবিধ্বস্ত আরেক দেশ ইরাকে সংক্ষিপ্ত সফর শেষে বাগদাদ থেকে গোপনে সোমবার কাবুলে যান। আফগানিস্তানে তালেবানরা পুনরায় শক্তি দেখানোর প্রেক্ষাপটে বুশকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমানটি রাতের আঁধারে কড়া নিরাপত্তার মধ্যে কাবুলে অবতরণ করে। কাবুলে কারজাইর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বুশ বলেন, "আমি আপনাদের প্রেসিডেন্টকে বলেছি, আপনি যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখতে পারেন। বর্তমান মার্কিন প্রশাসনের ওপর যেমন আস্থা রাখছেন, তেমনি পরবর্তী প্রশাসনের ওপরও আস্থা রাখতে পারেন।" বুশ রোববার বাগদাদে সংবাদ সম্মেলন করার সময় এক অপ্রীতিকর অবস্থায় পড়েন। এক ইরাকি সাংবাদিক তার দিকে জুতা ছুড়ে মারেন এবং কুকুর বলে গালি দেন। কাবুলের বাইরে বাগরাম বিমান ঘাঁটিতে অবতরণ করার পর বুশ টারমাক থেকে হেঁটে একটি বিশাল তাঁবুর ভেতরে প্রবেশ করেন। সেখানে কয়েক শ' মার্কিন সেনা হর্ষধ্বনি দিয়ে তাকে স্বাগত জানায়। বুশ তাদের ধন্যবাদ জানান। "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আফগানিস্তানে আমরা সফল হব কারণ আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে।" ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে বুশের এই সফরকে আফগানিস্তান বিষয়ে তার উত্তরসূরি বারাক ওবামার নীতির প্রতি সমর্থন হিসেবে দেখা হচ্ছে। ওবামা আফগানিস্তানে সৈন্য বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। বুশও ইতিমধ্যে আফগানিস্তানে সেনা বাড়ানোর আদেশ দিয়েছেন। ওবামা প্রসঙ্গে বুশ বলেন, "আমি চাই তিনি সফল হোক। ভাল করুক। আশা করছি আপনারা তালেবানদের চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত এখানে আরও বেশি মার্কিন সৈন্যের উপস্থিতি দেখবেন।" বুশ বলেন, যুক্তরাষ্ট্র ও আফগানবাহিনী মিলে ২০০১ সালে তালেবানদের উৎখাত করার পর আফগানিস্তানে পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। তবে তার এ দাবির প্রতি চ্যালেঞ্জ জানান এক আফগান সাংবাদিক। তিনি বলেন, আফগানিস্তানে নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার পূরণ করতে পারেনি যুক্তরাষ্ট্র। জবাবে বুশ বলেন, "আমি সম্মানের সঙ্গে আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি। আমি শুধু অগ্রগতির দাবি করেছি যা কিছুতেই অস্বীকার করা যাবে না। আমি বলিনি যে তালেবান নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি বলেছি তাদের ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫১২ ঘ.