ওয়াশিংটন, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা সপরিবারে ওয়াশিংটনে যেতে চান একটু আগেই। কিন্তু হোয়াইট হাউসের কাছে রাষ্ট্রীয় অতিথিভবন ব্লেয়ার হাউসে ওবামা পরিবারের আগাম থাকার অনুরোধ প্রত্যাখ্যান করেছে বুশ প্রশাসন।
নিয়মানুয়ায়ী, ওবামা ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার ৫ দিন আগে, অর্থাৎ, ১৫ জানুয়ারিতে ব্লেয়ার হাউসে উঠতে পারবেন। কিন্তু মেয়েদের স্কুল সময়মত শুরু করার জন্য ওবামা পরিবার নির্দিষ্ট সময়ের আগে সেখানে থাকার অনুরোধ জানালেও বুশ প্রশাসন অনুমতি দেয়নি।
ওবামার দুই মেয়ে মালিয়া ও শাসা'র নতুন স্কুল শুরু হচ্ছে ৫ জানুয়ারি থেকে। ওবামার মুখপাত্র নিউ ইয়র্ক টাইমকে জানিয়েছেন, "দুই মেয়ের স্কুল নির্ধারিত সময়ে শুরু করার জন্যই ব্লেয়ার হাউসে আগাম থাকার কথা চিন্তা করেছে ওবামা পরিবার।"
মুখপাত্র বলেন, কিন্ত ব্লেয়ার হাউস আগে থেকেই জানুয়ারির প্রথম দিকে অতিথিদের জন্য সংরক্ষিত থাকায় তা ওবামা পরিবারকে আগাম দেওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট বুশ ও লরা বুশ ওবামার আগে কোন অতিথিদের ব্লেয়ার হাউসে আমন্ত্রণ জানিয়েছেন সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।
ব্লেয়ার হাউসে কে থাকছে তা বলতে অস্বীকৃতি জানিয়ে ফার্স্ট লেডি লরা বুশের মুখপাত্র মেলী ম্যাকডোনাহ বলেন, "এটি ওবামা পরিবারের মর্যাদা উপেক্ষা করা নয়। ১৫ জানুয়ারি থেকে ব্লেয়ার হাউস তাদের হয়ে যাবে। কিন্তু তার আগে এটি তাদেরকে দেওয়া সম্ভব নয়। এর বেশি আর কিছু বলার নেই।"
মার্কিন পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা টাইমসকে বলেছেন, জানুয়ারির শুরুতে ব্লেয়ার হাউসে কোনও বিদেশি অতিথি থাকছেন কি না সে সম্পর্কে তিনি কিছু জনেন না।
ওদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তাও বলেছেন, প্রেসিডেন্ট বুশের পরিবার বা কোনও বন্ধুবান্ধবও ওই সময় ব্লেয়ার হাউসে থাকছেন না।
তবে বিদায়ী বুশ প্রশাসনের সদস্য সমাগম এবং অতিথি আপ্যায়নের জন্য ব্লেয়ার হাউস সংরক্ষিত আছে। এ কারণেই ওবামা সেখানে আগাম থাকার অনুমতি পাচ্ছেন না বলে জানান ওই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২২২ ঘ.
bdnews24