ইসলামাবাদ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের দুটি যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করেছে। পাকিস্তানের বিমান বাহিনীর মুখপাত্র শনিবার একথা জানিয়েছেন। তবে এ ঘটনা 'অসাবধানতাবশত' ঘটেছে এবং দুদেশের উত্তেজনায় তা নতুন মাত্রা যোগ করবে না বলে মন্তব্য করেছে পাকিস্তান।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আকাশসীমা লঙ্ঘনের কোনও খবর তিনি পাননি। ভারতের বিমান বাহিনীর কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে 'দ্য টাইমস অব ইন্ডিয়া' জানিয়েছে, এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।
তবে পাকিস্তানের বিমান বাহিনীর মুখপাত্র বলেছেন, দুটি জঙ্গিবিমান আকাশ সীমা লঙ্ঘন কলেছে। এর একটি কাশ্মিরে এবং আরেকটি পাঞ্জাব প্রদেশে লাহোরের কাছে।
মুম্বাইয়ে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ভারতের আকাশসীমা লঙ্ঘনের এ খবর দিল পাকিস্তান।
পাকিস্তানের তথ্যমন্ত্রী শেরী রেহমান বলেছেন, আমরা ঘটনাটি নিশ্চিত করেছি। আমরা ভারতের বিমান বাহিনীর সঙ্গে কথা বলেছি এবং তারা বলেছে, এটি 'অসাবধানতাবশত' ঘটেছে।
রেহমান বলেন, আমাদের বিমানবাহিনী যে কোনও পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। তবে এ ঘটনায় উত্তেজনা বাড়বে বলে আমরা আশা করি না। সতর্কতারও প্রয়োজন নেই।"
তবে 'দ্য টাইমস অব ইন্ডিয়া'র ওয়েবসাইটে প্রকাশিত ভারতের উচ্চ পর্যায়ের কয়েকটি সূত্রের উদ্ধৃতিতে এ ধরনের ঘটনা ঘটার কথা অস্বীকার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২০৫ ঘ.
bdnews24