মানামা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস শনিবার বলেছেন, জলদস্যুদের বিরুদ্ধে সোমালিয়ায় অভিযান চালানোর জন্য পর্যাপ্তা গোয়েন্দা তথ্য তাদের হাতে নেই।
বাহরাইনে একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে গেটস বলেন, "এই মুহূর্তে আমাদের হাতে যে তথ্য আছে, সোমালিয়ার অভ্যান্তরে অভিযান চালানোর জন্য তা যথেষ্ট নয়।"
তিনি আরও বলেন, "আমাদের প্রথমেই দরকার গোয়েন্দা তথ্য। জানতে হবে এর পেছনে কাদের হাত রয়েছে।"
জলদস্যুদের বিরুদ্ধে স্থলভাগের পাশাপাশি সাগরে অভিযান চালানোর জন্য দেশগুলোকে ক্ষমতা দেওয়ার দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা জাতিসংঘে একটি খড়সা প্রস্তাব বিলি করার পর গেটস এই মন্তব্য করলেন।
দুই থেকে তিনটি গোত্রের লোকজন সোমালিয়া উপকূলে জাহাজ অপহরণের ঘটনার সঙ্গে জড়িত বলে গণমধ্যমে যে খবর বেরিয়েছে তার প্রতি ইঙ্গিত দিয়ে গেটস বলেন, "আমরা যদি চিহ্নিত করতে পারি কারা এই কাজ করছে, তাহলে জাতিসংঘের অধীনে সেখানে সুনির্দিষ্টভাবে অভিযান চালানো যাবে। এতে ক্ষয়ক্ষতিও কম হবে।"
বাহরাইন উপকূলীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন ৫ম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল বিল গোর্টনে শুক্রবার জানিয়েছেন, জলদস্যুদের সনাক্ত করা খুবই কঠিন হবে।
জাহাজগুলো জলদস্যুদের হাত থেকে রক্ষা করতে এর মালিক প্রতিষ্ঠানগুলো জাহাজে সশস্ত্র নিরাপত্তা প্রহরী মোতায়েন করতে পারে বলে তিনি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২০ ঘ.
bdnews24