২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন উপস্থিতি দীর্ঘতর করার সম্ভাবনা নাকচ করলেন মালিকি

মার্কিন সেনারা আরও এক দশক থাকতে পারে বলে ইরাক সরকারের মুখপাত্র যে মন্তব্য করেছেন তার সঙ্গে একমত নন ইরাকি প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি। শুক্রবার তিনি একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

বাগদাদ, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন সেনারা আরও এক দশক থাকতে পারে বলে ইরাক সরকারের মুখপাত্র যে মন্তব্য করেছেন তার সঙ্গে একমত নন ইরাকি প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি। শুক্রবার তিনি একথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে মালিকি বলেন, "মার্কিন সেনাদের আরও দশ বছর ইরাকে থাকার প্রয়োজন আছে বলে মুখপাত্র আলি আল দাব্বাহ যে মন্তব্য করেছেন সেটা তার ব্যাক্তিগত মতামত। সরকার তার সঙ্গে একমত নয়।" ইরাকে ভবিষ্যতে মার্কিন সেনার উপস্থিতি, জাতিগত সংঘাত এবং বিদ্রোহী কর্মকাণ্ডগুলো খুবই স্পর্শকাতর বলে বিবৃতিতে জানানো হয়েছে। ইরাকে গত কয়েক মাসে সংঘাত অনেক কমে এসেছে। তবে কর্মকর্তারা আশঙ্কা করছেন আগামী বছর নির্বাচনী প্রস্তুতি ও মার্কিন সেনা প্রত্যাহার শুরু হলে পরিস্থিতির অবনতি হতে পারে। ইরাক সরকারের সঙ্গে নিরাপত্তা চুক্তি মোতাবেক ২০১১ সালের মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহার শেষ করবে যুক্তরাষ্ট্র। তবে চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরের সময় দাব্বাহ জানান, নিরাপত্তা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ইরাকে কিছু মার্কিন সেনা থাকতে পারে। তিনি বলেন, "আমরা জানি আগামী তিন বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে ইরাকি সেনবাহিনী গঠন করা সম্ভব হবে না। এজন্য আরও কয়েক বছর এমনকি দশ বছর লেগে যেতে পারে।" ২০১১ সালের পর কত সংখ্যক মার্কিন সেনার উপস্থিতি প্রয়োজন হতে পরে পরের সরকারগুলো সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৪০ ঘ.