বোগোটা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- শত শত টন কোকেন পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি হতে কলাম্বিয়ার অপরাধ জগতের নেতা ডিয়েগো মনটোয়াকে শুক্রবার যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।
দীর্ঘ অভিযানের পর কলাম্বিয়ার পুলিশ ডন ডিয়েগো নামে পরিচিত মাদক পাচার গোষ্ঠীর প্রধান মনটোয়াকে গত বছরের তার একটি খামার বাড়ির গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করে।
যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় ওসামা বিন লাদেনের পরেই ছিল তার অবস্থান। মাদক ব্যবসার মাধ্যমে সে কোটি কোটি ডলারের সম্পদ গড়ে তুলেছিল।
টেলিভিশন চিত্রে দেখানো হয়, কালো রোদচশমা, নীল জামার ওপর বুলেট প্র"ফ জ্যাকেট পরা অবস্থায় মনটোয়াকে যুক্তরাষ্ট্রের মায়ামি উদ্দেশে বিমানে তোলা হচ্ছে। মায়ামিতেই তাকে আদালতের মুখোমুখি করা হবে। তার বিরুদ্ধে অর্থপাচার ও এক সাক্ষীকে হত্যার অভিযোগও আনা হয়েছে।
নিজ দেশে শত শত মানুষ হত্যার জন্য মনটোয়াকে দায়ী করা হলেও সেখানে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়নি।
কলাম্বিয়ার পুলিশ প্রধান বলেছেন, "মনটোয়াকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের মাধ্যমে কুখ্যাত নরটে ডেল ভ্যালে কার্টেল চক্রের অবসান ঘটল। এই চক্রের সব বড় নেতাকেই গ্রেপ্তার কিংবা হত্যা করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৪৩ ঘ.
bdnews24