২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু সম্মেলনে ধনী দেশগুলোর 'নিচু মানসিকতার' সমালোচনা

পোল্যান্ডে অনুষ্ঠিত জলবায়ুসংক্রান্ত জাতিসংঘের আলোচনায় খরা, খাদ্যাভাব ও সমুদ্রের উচ্চতা বৃদ্ধি মোকাবেলায় খুবই কম অর্থ বরাদ্দ পাওয়ায় ধনী দেশগুলোকে নিচু মানসিকতার বলে সমালোচনা করেছে উন্নয়নশীল দেশগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 06:55 AM

Updated : 26 Apr 2022, 01:47 PM

পোজনান, পোল্যান্ড, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পোল্যান্ডে অনুষ্ঠিত জলবায়ুসংক্রান্ত জাতিসংঘের আলোচনায় খরা, খাদ্যাভাব ও সমুদ্রের উচ্চতা বৃদ্ধি মোকাবেলায় খুবই কম অর্থ বরাদ্দ পাওয়ায় ধনী দেশগুলোকে নিচু মানসিকতার বলে সমালোচনা করেছে উন্নয়নশীল দেশগুলো। উন্নয়নশীল দেশগুলো বলছে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় 'অভিযোজন তহবিলের' নামে মাত্র ৮০ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। বিশ্ব উষ্ণায়ন রোধে একবছর ধরে চলা আলোচনায় যা পাওয়া গেল তা খুবই অপ্রতুল। ডিসেম্বরের ১ থেকে ১২ তারিখ পর্যন্ত জাতিসংঘ আয়োজিত সম্মেলনের শেষ দিনে শনিবার কলোম্বিয়ার পরিবেশবিষয়ক মন্ত্রী হুয়ান লোজানো বলেছেন, "আমরা খুবই দুঃখিত ও হতাশ।" তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের ক্ষতির দিকটি উপেক্ষা করা হয়েছে এই সম্মেলনে। আমাদের শিশুরা ক্ষতির শিকার হচ্ছে, এতিম হচ্ছে। এ দিকটি বিবেচনায় নেওয়া হয়নি। আগামী বছর কোপেনহেগেনে একটি সমাধানে পৌঁছানোর পথে যা একটি খারাপ সংকেত।" বিশ্ব উষ্ণায়ন রোধে ২০০৯ সালের শেষ দিকে কোপেনহেগেনে বৈঠকে একটি সর্বসম্মত উপায় নির্ধারণের লক্ষ্য নিয়ে গত একবছর ধরে আলোচনার পথ ধরে পোল্যান্ডে এ সম্মেলনের আয়োজন করা হয়। বৈঠকে গরিব দেশগুলোতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ বরাদ্দের ক্ষেত্রে বিশ্বব্যাপী বর্তমান আর্থিক সংকট ছায়া ফেলেছে। সংকটের ফলে দাতাদের তহবিলে টান পড়ায় যুক্তি তুলে ধরা হয় বৈঠকে। ১৮৯ দেশের পরিবেশমন্ত্রীদের অংশগ্রহণে এই আলোচনার ফলাফলে হতাশা প্রকাশ করে ভারতের প্রতিনিধি প্রদীপ ঘোষ বলেন, "কয়েক বছর ধরে চলা জলবায়ুসংক্রান্ত আলোচনায় এরচেয়ে খারাপ সময় আমি দেখিনি।" তিনি ১২ বছর ধরে জাতিসংঘের জলবায়ু আলোচনায় অংশ নিচ্ছেন বলে জানান। ব্রাজিল, কোস্টারিকা ও মালদ্বীপসহ আরও কয়েকটি দেশও একইরকম মন্তব্য করে। পোল্যান্ডের পরিবেশমন্ত্রী মাসি নাওয়িস্কি অবশ্য গরিব দেশগুলোর জন্য এই তহবিলকে পোজনান সম্মেলনের বিরাট অর্জন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, তহবিলের পরিমাণ মাত্র ৮০ মিলিয়ন ডলার হলেও ২০১২ সালের মধ্যে বছরে এর পরিমাণ ৩০০ মিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। গরিব দেশগুলোতে বন্যা প্রতিরোধে বাঁধ নির্মাণ, খরা-প্রতিরোধী শস্যের বিকাশ, ঝড় সতর্কীকরণের আধুনিক ব্যবস্থা গড়ে তোলা- ইত্যাদির জন্য আগামী বছর থেকে তহবিলের অর্থ বরাদ্দ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২৪০ ঘ.