২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে অভিযুক্ত তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট

অনেকগুলো দুর্নীতি সম্পর্কিত কেলেঙ্কারির দায়ে শুক্রবার অভিযুক্ত হয়েছেন তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট ও চীনবিরোধী কট্টর নেতা চেন সুই-বিয়ানসহ তার পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

তাইপে, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনেকগুলো দুর্নীতি সম্পর্কিত কেলেঙ্কারির দায়ে শুক্রবার অভিযুক্ত হয়েছেন তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট ও চীনবিরোধী কট্টর নেতা চেন সুই-বিয়ানসহ তার পরিবারের সদস্যরা। কৌসুলিরা জানিয়েছেন, দুর্নীতি, জালিয়াতি এবং অর্থ পাচারের দায়ে চেনের জন্য সর্বোচ্চ শাস্তির সুপারিশ করবেন তারা। অর্থ সংক্রান্ত অপরাধের দায়ে কৌসুলিরা চেনের স্ত্রী, ছেলে, পুত্রবধু ও অন্য আরও ১১ জনকে অভিযুক্ত করেছেন। গত ১২ নভেম্বর গ্রেপ্তার হওয়ার পর এই প্রথমবারের মতো চেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হল। এর আগে তাইওয়ানের কোনো প্রেসিডেন্ট দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন হননি। সুপ্রিম কোর্টোরে বিশেষ বিচারকের দপ্তরের মুখপাত্র চেন ইয়ুন-নান বলেন, "সাবেক প্রেসিডেন্ট চেনের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গুরুতর। তাকে বড় ধরনের সাজা দেওয়ার জন্য আমরা আদালতে সুপারিশ করব।" তবে চেন দাবি করেছেন, তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে চেন স্বশাসিত তাইওয়ানের স্বাধীনতার চেষ্টা করেন। এতে করে ক্ষুব্ধ হয় চীন এবং তাইওয়ানের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্্র। ১৯৪৯ সালের গৃহযুদ্ধে মাও সেতুং এর কমিউনিস্ট পার্টি বিজয়ী হলে তাইওয়ানে পালিয়ে যায় চিয়াং কাই-শেকের জাতীয়তাবাদীরা। এরপর থেকে তাইওয়ান স্বশাসিত। তবে দ্বীপটিকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। তাইওয়ানকে নিজেদের শাসনের আওতায় আনতে প্রয়োজনে শক্তি প্রয়োগেও পিছপা হবে না বলে চীন বারবার শাসিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩০ ঘ.