মুজাফফরাবাদ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তান সরকার লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে সম্পর্কিত জামাত-উদ-দাওয়ার কার্যালয়গুলো বন্ধ করে দিয়েছে। সংগঠনটির অনেক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানী কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
গত মাসে মুম্বাই হামলার জন্য দায়ীদের গ্রেপ্তার করতে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় এই দমন অভিযান শুরু করেছে পাকিস্তান। এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ঘোষণা দেন, জাতিসংঘ লস্কর-ই-তৈয়্যবার প্রতিষ্ঠাতাসহ চার নেতাকে নিষিদ্ধ তালিকায় রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, তার দেশ তা মেনে চলবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বুধবার লস্কর-ই-তৈয়্যবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ ও তার ইসলামি দাতব্য সংস্থা জামাত-উদ-দাওয়াকে আল কায়েদা ও তালেবানের সঙ্গে সম্পর্কিত ঘোষণা করে নিষিদ্ধের তালিকায় যোগ করে। সাঈদের তিন সহযোগীর ওপরও ভ্রমণ নিষেধাজ্ঞাসহ সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রী গিলানির ঘোষণার পরপরই মুম্বাই হামলার জন্য ভারতের অভিযুক্ত লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকে গৃহবন্দি করেছে পাকিস্তান।
সাঈদের মুখপাত্র আবদুল্লাহ মুনতাজির বলেন, "পুলিশ হাফিজ সাঈদের লাহোরের বাসভবন ঘিরে রেখে বলেছে, তিনি বাসার বাইরে যেতে পারবেন না। পুলিশ তাকে আটকাদেশের কাগজপত্র শিগগিরই আনুষ্ঠানিকভাবে দেবে বলে জানিয়েছে।"
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টে শুক্রবার ইসলামাবাদ থেকে দিল্লি যাওয়ার আগে পাকিস্তানের রাজনীতিবিদ ও সেনাপ্রদান জেনারেল কায়ানির বৈঠক করেন। ভারত-পাকিস্তান সম্পর্ক যাতে আরও খারাপের দিকে না যায় সে লক্ষ্যে চাপ সৃষ্টি করতে তিনি পাকিস্তান ও ভারত সফর করছেন।
সাঈদ কাশ্মীরে ভারতীয় শাসনের অবসান ঘটানোর লক্ষ্যে সৌদি আরব থেকে পাওয়া অর্থে ১৯৯০ সালে লস্কর-ই-তৈয়্যবা গঠন করেন।
২০০১ সালে লস্কর পাকিস্তানে নিষিদ্ধ হওয়ার কয়েক দিন আগে সাঈদ হাফিজ সংগঠনটি ত্যাগ করে জামাত-উদ দাওয়ার প্রধান হিসেবে তহবিল ও নতুন লোক সংগ্রহের কাজ চালিয়ে যেতে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৫৪ ঘ.
bdnews24