২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান জাতিসংঘের কালো তালিকা মেনে চলবে: প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বৃহস্পতিবার বলেছেন, জাতিসংঘ একটি জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠাতাসহ চার নেতাকে নিষিদ্ধ তালিকায় রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, তার দেশ তা মেনে চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 05:47 AM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বৃহস্পতিবার বলেছেন, জাতিসংঘ একটি জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠাতাসহ চার নেতাকে নিষিদ্ধ তালিকায় রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, তার দেশ তা মেনে চলবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বুধবার পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়্যেবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ ও তার ইসলামি দাতব্য সংস্থা জামাত-উদ-দাওয়াকে আল কায়েদা ও তালেবানের সঙ্গে সম্পর্কতি ঘোষণা করে নিষিদ্ধের তালিকায় যোগ করে। সাঈদের তিন সহযোগীর ওপরও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপসহ সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত হয়। গিলানির অফিস থেকে জানানো হয়েছে, সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টেকে তিনি বলেছেন, জাতিসংঘ যে কয়েক ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে, পাকিস্তান তাদের ব্যাপারে আন্তর্জাতিক দায় মেনে চলবে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে এক বিবৃতিতে জানায়, লস্ককের অঙ্গসংগঠন হিসেবে পরিচিত দাতব্য সংস্থা জামাত উদ- দাওয়াকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে এর অফিস বন্ধ করে দেওয়া হবে। সাঈদ কাশ্মীরে ভারতীয় শাসনের অবসান ঘটানোর লক্ষ্যে সৌদি আরব থেকে পাওয়া অর্থে ১৯৯০ সালে লস্কর-ই-তৈয়্যেবা গঠন করেন। ২০০১ সালে লস্কর পাকিস্তানে নিষিদ্ধ হওয়ার কয়েক দিন আগে সাঈদ হাফিজ সংগঠনটি ত্যাগ করে জামাত-উদ-দাওয়ার প্রধান হিসেবে তহবিল ও নতুন লোক সংগ্রহের কাজ চালিয়ে যেতে থাকেন। জাতিসংঘের কালো তালিকাভূক্ত অন্যরা হচ্ছেন লস্কর নেতা পাকিস্তানি বংশোদ্ভূত জাকি-উর-রেহমান লাখভি, দলের অভিযান পরিচালক হাজি মুহম্মদ আশরাফ, দলের প্রধান অর্থ ব্যবস্থাপক ভারতীয় বংশোদ্ভূত মাহমুদ মোহাম্মাদ আহমেদ বাহাজিক। এই চার নেতার ওপর মে মাসে মার্কিন রাজস্ব বিভাগের নিষেধাজ্ঞাও আরোপ হয়েছিল। গত মঙ্গলবার লস্কর-ই-তৈয়্যেবা সংশ্লিষ্ট জামাত-উদ-দাওয়াকে নিষিদ্ধ করতে জাতিসংঘকে অনুরোধ জানায় ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১১৩৪ ঘ.