এথেন্স, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ধর্মঘটে বুধবার অচল হয়ে পড়েছে গ্রীস। বন্ধ হয়ে গেছে ব্যাংক, স্কুল, কলেজ। ব্যাহত হচ্ছে বিমান চলাচল এমনকি চিকিৎসা সেবাও। রাজধানী এথেন্সে বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। পুলিশের গুলিতে কিশোরের মুত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া দাঙ্গা-হাঙ্গামার পঞ্চম দিনে নতুন করে সহিংসতার আশঙ্কা করছে পুলিশ।
সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বুধবার বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে গ্রীসের দুটো প্রধান ইউনিয়ন ফেডারেশন। জিএসইই বেসরকারি ইউনিয়ন ফেডারেশন এর মুখপাত্র স্ট্যাথিস অ্যানেস্টিস বলেছেন, "ধর্মঘটে জনগণ পুরোমাত্রায় অংশ নিয়েছে। দেশ থমকে দাঁড়িয়েছে।"
'টা নেয়া' দৈনিক পত্রিকা প্রথম পাতার শিরোনামে লিখেছে, "সরকার ও পুলিশ পতনের দ্বারপ্রান্তে।"
প্রধানমন্ত্রী কোন্টাস কারাম্যানিলাস রাজনৈতিক নেতাদের প্রতি ঐক্যের ডাক দিয়েছেন এবং ইউনিয়ন নেতাদেরকে বুধবারের সমাবেশ বাতিলের আহ্বান জানিয়েছেন। কিন্তু বিরোধীদলের আপোসের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
সোশ্যালিস্ট পার্টির মুখপাত্র জর্জ পাপাকনস্ট্যানটিনউ বলেছেন, "প্রধানমন্ত্রী ও তার সরকারই দেশব্যাপী এই সংকটের জন্য দায়ী।"
মঙ্গলবার এথেন্সে পার্লামেন্ট ভবন অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষও হয়েছে। শনিবার পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চলমান এ সংঘর্ষ অবসানে সরকারের পদত্যাগ এবং নির্বাচনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা জর্জ পাপানদ্রুয়ে।
গত শনিবার রাতে পুলিশের গুলিতে ১৫ বছরের কিশোর অ্যালেক্সান্ডার গ্রিগরোপৌলাস নিহত হওয়ার পর বুধবার গ্রীসে পঞ্চম দিনের মতো বিক্ষোভ চলছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ এটি।
বিক্ষোভকারীরা শত শত বাড়ি ভাঙচুর করেছে এবং জ্বালিয়ে দিয়েছে। এতে এ পর্যন্ত প্রায় ৫০ জন আহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১৫০ জনকে।
মঙ্গলবার গ্রিগরোপৌলাসের শেষকৃত্যানুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে এগুতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে।
এদিকে, এই বিক্ষোভ বন্ধে সরকারের পদত্যাগ এবং নির্বাচন দাবি করেছেন বিরোধী নেতা জর্জ পাপানদ্রুয়ে। তিনি বলেন, "সরকার এখন শুধু একটি কাজই করতে পারে তা হল: পদত্যাগ করে জনগণের সিদ্ধান্তের ওপর বিষয়টি ছেড়ে দেওয়া।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৬ ঘ.
bdnews24