এথেন্স, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসের রাজধানী এথেন্সে পার্লামেন্ট ভবন অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। মঙ্গলবার সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষও হয়েছে। পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চার দিনের এই সংঘর্ষ অবসানে সরকারের পদত্যাগ এবং নির্বাচনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা জর্জ পাপানদ্রুয়ে।
গত শনিবার রাতে পুলিশের গুলিতে ১৫ বছরের কিশোর অ্যালেক্সান্ডার গ্রিগরোপৌলাস নিহত হওয়ার পর গত চারদিন সেখানে টানা বিক্ষোভ চলছে। ইতোমধ্যে এই বিক্ষোভ গ্রিসে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ বিক্ষোভে রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা শত শত বাড়িতে ভাঙচুর করেছে এবং জ্বালিয়ে দিয়েছে। এতে এ পর্যন্ত প্রায় ৫০ জন আহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১৫০ জনকে।
মঙ্গলবার গ্রিগরোপৌলাসের শেষকৃত্যানুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে এগুতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে।
এদিকে এই বিক্ষোভ বন্ধে সরকারের পদত্যাগ এবং নির্বাচন দাবি করেছেন বিরোধী নেতা জর্জ পাপানদ্রুয়ে। তিনি বলেন, "সরকার এখন শুধু একটি কাজই করতে পারে তা হল: পদত্যাগ করে জনগণের সিদ্ধান্তের ওপর বিষয়টি ছেড়ে দেওয়া।"
গ্রিগরোপৌলাসকে মঙ্গলবার সমাহিত করার প্রস্তুতি চলছে। এই শেষকৃত্য এবং বুধবার বিক্ষোভকারীদের ডাকা সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে আরও সহিংসতার আশঙ্কা করছে পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রকোপিস পাভলোপৌলাস এক বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন, "আমরা এ পরিস্থিতি সহ্য করব না। আমাদেরকে যা করতে হবে আমরা তাই করব।"
শনিবার রাতে রাজধানী এথেন্সের এক্সারচিয়া জেলায় একদল যুবক পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষপ এবং বেশ কিছু গাড়ি ও দোকান পাট ভাঙচুর করলে পুলিশ গুলি ছোড়ে। এতে নিহত হয় গ্রিগরোপৌলাস । সঙ্গে সঙ্গে দাঙ্গা ছড়িয়ে পড়ে এথেন্সসহ গ্রিসের দ্বিতীয় বৃহত্তম নগরী থেসালোনিকি ও উত্তরাঞ্চলীয় অন্যান্য শহরে।
রোববার জনগণকে শান্ত থাকার আহ্বান জানায় সরকার। গ্রিসে কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে বাজে দাঙ্গার ঘটনা।
রোববার এথেন্স মোটামুটি শান্ত থাকলেও এদিন বামপন্থী দলগুলো নতুন করে বিক্ষোভে নামার ডাক দেয়। 'গ্রীক কমিউনিস্ট পার্টি' সোমবার এথেন্সে গণসমাবেশ ডাকে।
অন্যদিকে, স্যোশালিস্ট বিরোধীদল পিএএসওকে বলে, "গ্রিকদের উচিত সরকারের নিন্দা জানানো। আমাদেরকে একযোগে শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্য দিয়ে সরকারের নীতির জবাব দিতে হবে।"
পেনশন পদ্ধতি ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আগামী বুধবার দেশব্যাপী শ্রমিক ধর্মঘটে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন।
এথেন্স ও থেসালোনিকি অবরুদ্ধ হয়ে পড়েছে বলে সোমবার জানায় ডেইলি 'ইলেফথেরোস টাইপোস' পত্রিকা। অন্যদিকে, অ্যাপোগেভমাতিনি পত্রিকা 'ভীতিকর ৪৮ ঘন্টা' শীর্ষক শিরোনাম দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/২০১৫ ঘ.
bdnews24